খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ই মে ২০২৫, ৬:৪৯ পিএম
কক্সবাজার থেকে আকাশে উড়তেই বিমানের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। সৃষ্টি হয় মারাত্মক বিপদের আশঙ্কা। কিন্তু হাল ছাড়েননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। তাঁর দৃঢ়তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দূরদর্শিতায় প্রাণে রক্ষা পেলেন ৭১ যাত্রী।
শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল বিজি-৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই বাম পাশের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে পড়ে যায়। বিপদের আভাস পেয়ে ক্যাপ্টেন বিল্লাহ সঙ্গে সঙ্গে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান।
বার্তা পাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুত হয়ে যায় জরুরি পরিস্থিতি মোকাবিলায়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম। কিন্তু আকাশে থাকা ৭১ জন যাত্রীর জীবন নিয়ে মূল দায়িত্ব তখন একাই বহন করছিলেন ক্যাপ্টেন বিল্লাহ।
দুপুর ২টা ২২ মিনিটে তিনি সফলভাবে বিমানটি ঢাকায় জরুরি অবতরণ করান। এক চাকার ওপর নির্ভর করে রানওয়ে স্পর্শ করার সময় তার নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষার কৌশল ছিল প্রশংসনীয়। এটিসি থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি সামান্য কাত হয়ে স্লিপ করছিল। পাইলট বিল্লাহ সচেতনভাবেই এক চাকার ওপর অতিরিক্ত চাপ এড়াতে ভারসাম্য বজায় রেখে অবতরণ করান।
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই ভিডিও প্রকাশ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, ‘পাইলট প্রথম চেষ্টাতেই সফলভাবে অবতরণ করেছেন। যাত্রীরা সবাই নিরাপদ এবং সুস্থ আছেন।’
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ক্যাপ্টেন বিল্লাহর সিদ্ধান্ত ও দক্ষতাই ৭১ জন যাত্রী ও পুরো ফ্লাইট ক্রুকে রক্ষা করেছে।
খবরওয়ালা/এন
মন্তব্য