খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠন ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনেও অচলাবস্থায় পড়েছে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন। এর প্রভাবে চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাবান্ধা পর্যন্ত স্থল ও সমুদ্রবন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
সারাদেশের বন্দরগুলোর অবস্থা সম্পর্কে যা জানা গেছে-
চট্টগ্রাম বন্দর: ৩ হাজারের বেশি কনটেইনার আটকে
চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ থাকায় রপ্তানির জন্য প্রস্তুত ৩,৬৮০টি কনটেইনার বন্দরে পাঠানো যায়নি। তিনটি জাহাজে এসব পণ্য রপ্তানির কথা ছিল। বেসরকারি ডিপোগুলোতেও শুল্কায়ন বন্ধ থাকায় শিপিং কার্যক্রম থমকে গেছে। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল জানান, ডিপো থেকে পণ্য না আসায় জাহাজও বন্দর ছাড়তে পারেনি।
আখাউড়া স্থলবন্দর: দুই দিন ধরে পণ্য চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শনিবার (২৮ জুন) থেকে বিল অব এক্সপোর্ট ও এন্ট্রি না হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ। রবিবার (২৯ জুন) ভারতে ছুটি থাকায় আমদানি-রপ্তানিতে তেমন প্রভাব না পড়লেও রপ্তানির জন্য ট্রাক আসেনি বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দর: আটকে আছে ৮০০ ট্রাক
শাটডাউনের কারণে বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস, শুল্কায়ন ও পরীক্ষণ বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে আটকে আছে বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় থাকা ৮০০টি ট্রাক। বন্দর শ্রমিকরা কাজ না পেয়ে দুপুরের দিকেই ফিরে গেছেন।
ভোমরা বন্দর: দুই দিনে ২ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রতিদিন গড়ে এক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। বন্দরের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুই দেশের মধ্যে প্রতিদিন ১০০–১২০টি ট্রাক যাতায়াত করলেও গত দুই দিনে কোনো ট্রাক চলাচল করেনি।
বুড়িমারী বন্দর: ফাঁকা কাস্টমস অফিস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কার্যত অচল। পণ্য খালাস ও বোঝাই বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরে আটকে আছে বহু ট্রাক। বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।
হিলি স্থলবন্দর: দ্বিতীয় দিনে পুরোপুরি অচল
দিনাজপুরের হিলি বন্দরে আজ দ্বিতীয় দিনে পুরোপুরি বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। আগের দিন আমদানিকৃত ৩৫টি ট্রাকের পণ্য এখনও খালাস করা সম্ভব হয়নি। কাস্টমস অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি স্পষ্টভাবে চোখে পড়েছে।
বাংলাবান্ধা বন্দর: আটকে আছে ১৫১ পাথরবোঝাই ট্রাক
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দ্বিতীয় দিনেও কোনো আমদানি-রপ্তানি হয়নি। ভুটান থেকে আগত ১৫১টি পাথরবোঝাই ট্রাক কাস্টমস ছাড়পত্র না পাওয়ায় বন্দরে আটকে আছে। অলস সময় পার করছেন শ্রমিকসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ১২ মে অর্থ মন্ত্রণালয়ের এক অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্বনীতি’ ও ‘রাজস্ব প্রশাসন’ নামে দুটি বিভাগ গঠনের প্রস্তাব করা হয়। এরপর থেকেই এনবিআর কর্মকর্তারা আন্দোলনে নামেন। গত ২৫ মে আন্দোলন স্থগিত করা হলেও ২২ জুন থেকে পুনরায় আন্দোলন শুরু হয়, চেয়ারম্যান অপসারণসহ কয়েকটি দাবিতে। বর্তমানে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির অংশ হিসেবে চলমান এই শাটডাউনে রাজস্ব বোর্ডের রাজস্ব, কর ও শুল্ক দপ্তরের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
খবরওয়ালা/আরডি