বাংলা লোকসঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্যকে সমকালীন মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা আধুনিক সংগীতায়োজনের ফ্রেমে বন্দি করে শ্রোতামহলে নতুন এক আবহের সৃষ্টি করছেন তরুণ গায়ক, সুরকার ও মিউজিক প্রডিউসার হৃদয় জেজে। মাটির সুর, আধ্যাত্মিক বাউল ভাবধারা এবং আধুনিক সাউন্ড ডিজাইনের এক অপূর্ব সমন্বয়ে নিজের জন্য আলাদা একটি সাউন্ড পরিচয় তৈরি করেছেন এই শিল্পী। শুধু স্টুডিওকেন্দ্রিক প্রযোজনাতেই সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে ও লাইভ পারফর্মেন্সে নতুন সুরের ঝংকার তুলতে তিনি গঠন করেছেন নিজস্ব ব্যান্ড—’হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস’ (Ridoy Jj & Friends)।
হৃদয় জেজের সৃজনশীল সংগীতচর্চার মূল মূলমন্ত্র হলো লোকজ সুরের আসল নির্যাস অক্ষুণ্ণ রাখা। দোতারা, একতারা ও বাঁশির মতো আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সাথে ইলেকট্রিক গিটার, ড্রামস ও আধুনিক কি-বোর্ডের মতো সমকালীন ইনস্ট্রুমেন্টের ফিউশন ঘটিয়ে তিনি তৈরি করছেন অনন্য সব ফোক ফিউশন গান।
শিল্পী ও সুরকার হিসেবে তাঁর পরিবেশিত ও সুর করা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘তুমি কার পোষা পাখি’, ‘ডানা ভাঙ্গা পাখি’ এবং ‘সাধুর বাগানে’। লোকজ সাহিত্য ও আধ্যাত্মিক কথার সংমিশ্রণে তৈরি এই গানগুলোতে আধুনিক সুর সংযোজনের মাধ্যমে তিনি এক নতুন বার্তা দেওয়ার প্রয়াস চালিয়েছেন। মৌলিক সৃষ্টির পাশাপাশি আমাদের কালজয়ী ঐতিহ্যবাহী লোকগানগুলোকেও নতুন প্রজন্মের উপযোগী করে উপস্থাপনের কাজ করছেন হৃদয়। এর উদাহরণ হিসেবে বলা যায় উত্তরবঙ্গের বহুল জনপ্রিয় ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান ‘বাওকুমটা বাতাস’—যা নতুন মিউজিক অ্যারেঞ্জমেন্টে পরিবেশন করে তিনি সুধীজন ও তরুণ শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
স্টুডিওর পাশাপাশি লাইভ কনসার্টের উন্মাদনাকে প্রাধান্য দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস’। ব্যান্ডটির মূল ধারা হলো ফোক ফিউশন, অলটারনেটিভ ফোক এবং ট্র্যাডিশনাল বাংলা মিউজিক। মেঠো পথ ও গ্রামীণ বাউল সাধনার দর্শনকে ব্যান্ড সঙ্গীতের উন্মাদনায় রূপান্তর করে শহুরে ও নতুন প্রজন্মের শ্রোতাদের কানে পৌঁছে দেওয়াই ব্যান্ডটির প্রাথমিক উদ্দেশ্য।
ইতোমধ্যেই ব্যান্ডটিতে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ তরুণ মিউজিশিয়ান। দলটিতে লিড ও রিদম গিটারে রয়েছেন ম্যাক মানিক ও রাজিব রায়, কি-বোর্ডে শেফাল সিংহ, সুরেল বাঁশিতে মুন্সি জুয়েল এবং বিট ড্রামসে জয় রায়। অভিজ্ঞ ও নতুন এসব যন্ত্রশিল্পীর মেলবন্ধনে ব্যান্ডের লাইভ শোগুলোতে চমৎকার এক দেশীয় ও আন্তর্জাতিক আবহ তৈরি হয়।
নিজের সম্পূর্ণ কাজ পরিচালনা ও চর্চার জন্য হৃদয় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব মিউজিক্যাল স্টুডিও ‘আখড়া বাড়ি’। এই স্টুডিওকে কেন্দ্র করেই নিয়মিত নতুন নতুন ফোক-ভিত্তিক প্রজেক্ট ও ট্র্যাক রেকর্ডিংয়ের কাজ চলছে। ভবিষতে বাংলা লোকজ গানকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে আরও বেশ কিছু বৃহৎ ফিউশন প্রজেক্টের পরিকল্পনা রয়েছে তাঁর।
বাংলা লোকসঙ্গীতের মূল শেকড়কে টিকিয়ে রেখে সমকালীন সুরের ভাষায় তা দেশ-বিদেশের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই যাত্রায় নিরলস কাজ করে যাচ্ছেন হৃদয় জেজে। একক মিউজিক রিলিজ কিংবা ‘হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস’-এর ব্যানার নিয়ে মঞ্চে উপস্থিতি—সব মাধ্যমেই তাঁর এই সংগীতভাবনার সফল প্রতিফলন ঘটছে।


