খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগামী সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন তিনি।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি এক্সে লিখেছেন, সোমবার তিনি ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন এবং হত্যাকাণ্ড ও যুদ্ধের অবসান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমন্ত্রণের জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান।
আলোচনাকে ‘দীর্ঘ ও বাস্তবসম্মত’ আখ্যা দিয়ে জেলেনস্কি জানান, ট্রাম্প তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ এবং শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের মূল বিষয়গুলো সম্পর্কে অবহিত করেছেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য ট্রাম্প তার প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন এবং উল্লেখ করেছেন যে মার্কিন শক্তি পরিস্থিতির উন্নয়নে প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য ট্রাম্পের প্রস্তাবকে তারা সমর্থন করেন। নেতাদের স্তরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এই ফরম্যাট উপযুক্ত হবে।
এছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে জেলেনস্কি বলেন, প্রতিটি ধাপে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সংকেত নিয়েও আলোচনা হয়েছে। তারা সকল অংশীদারের সঙ্গে নিজেদের অবস্থান সমন্বয় করে চলছেন।
এর আগে শুক্রবার আলাস্কায় তিন ঘণ্টারও বেশি সময় রুদ্ধদ্বার আলোচনায় বসেন ট্রাম্প ও পুতিন। বৈঠক শেষে পুতিন জানান, তারা একটি ‘বোঝাপড়ায়’ পৌঁছেছেন। ট্রাম্পও ‘কিছুটা অগ্রগতি’ হয়েছে বলে স্বীকার করেছেন, তবে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে এখনও কোনো চুক্তি হয়নি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
খবরওয়ালা/টিএসএন