কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরও দুই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরও দুই পুলিশ সুপারকে (এসপি) সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ আগস্ট) পৃথক আদেশে মো. নাজমুল ইসলাম ও হাফিজ আল ফারুককে বরখাস্ত করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের আগে তারা ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। পরে নাজমুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয় এবং সুপারনিউমারারি পদোন্নতি পাওয়া হাফিজ আল ফারুককে বদলি করা হয় রাজশাহী সদর দপ্তরে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাজমুল ইসলাম চলতি বছরের ২৩ এপ্রিল থেকে এবং হাফিজ আল ফারুক ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

আদেশে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) ও ৩ (গ) অনুসারে ‘অসদাচরণ ও পলায়ন’ এর অভিযোগ আনা হয়েছে। বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত রবিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে একই অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের মধ্যে ছিলেন তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।