কাপ্তাই বাঁধের গেট আবারও খুলে দেওয়া হলো, পানিবন্দি ২০ হাজার মানুষ

বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রিলওয়ে গেট আবারও খুলে দেওয়া হয়েছে। এর ফলে সদরসহ জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, কেবল সপ্তাহের ব্যবধানে কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানি ছেড়ে দিতে দ্বিতীয়বারের মতো খুলে দিতে হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট। হ্রদে পানির উচ্চতা বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় বাঁধের ১৬টি গেটের সব ৬ ইঞ্চি করে উঠিয়ে দেওয়া হয়েছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদের পানির স্তর আবারও ১০৮ ফুট বা এমএসএল (মিনস সি লেভেল) অতিক্রম করেছে- যা বিপৎসীমা পার করে। তাই বিপৎসীমা নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ৮টার পরেই কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে উঠিয়ে হ্রদ হতে ভাটি এলাকার কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এছাড়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ৫টি ইউনিট চালু থাকায় ৩২ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। বর্তমানে ওই কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে পানি ছাড়ার কারণে ভাটি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। বৃহস্পতিবার সকালে কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮ দশমিক ৩৫ ফুট উচ্চতায়। হ্রদে পানির ধারণক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট।

তিনি আরও জানান, বর্তমানে হ্রদে পানির গতিপ্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে হ্রদ হতে পানি ছাড়ার পরিমাণ পর্যায়ক্রমে বাড়িয়ে দেওয়া হবে। এর আগে হ্রদের পানির স্তর বিপৎসীমা পার করে ১০৯ ফুটের কাছাকাছি চলে যাওয়ায় ৫ থেকে ১২ আগস্ট পর্যন্ত সর্বশেষ বাঁধের স্প্রিলওয়ের গেটগুলো ৩ ফুট করে উঠিয়ে খুলে দিয়ে পানি নিষ্কাশন করা হয়েছিল।

এদিকে বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় সদরসহ রাঙামাটি জেলার বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে হ্রদ তীরবর্তী বসবাসরত অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে খাবর পাওয়া যায়। হ্রদের পানিতে তলিয়ে রয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু।

দেখা যায়, রাঙামাটি সদর উপজেলার রিজার্ভমুখ, পুরানবস্তি, জুলুক্যাপাহাড়, রাজদ্বীপ, পাবলিক হেলথ, শান্তিনগর, পুরান বাসস্ট্যান্ড, মানিকছড়ি, রাঙাপানি, আসামবস্তি, বালুখালী, মগবান, জীবতলী, বন্দুকভাঙা, কুতুকছড়ি এলাকার হ্রদ তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে মানবেতর পরিস্থিতির শিকার হাজারও মানুষ।

এছাড়া নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়েছেন কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলার হ্রদ তীরবর্তী এলাকায় বসবাসরত বহু মানুষ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন বলেন, সদরসহ জেলার প্রতিটি উপজেলায় দুর্গত লোকজনের জন্য পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। জেলা প্রশাসন থেকে পানিবন্দি লোকজনের তালিকা তৈরির কাজ চলছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।