খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫
ঢাকা মহানগরীর বাইরের সিএনজিচালিত অটোরিকশার চালকরা বনানীতে সড়ক অবরোধ করে ঢাকা মহানগর এলাকায় চলাচলের অনুমতি চেয়ে আন্দোলন করছেন। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে সিএনজিচালকরা ‘ঢাকা-থ’ সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য জোটের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জনগণের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয়।
এই সময় অনেক সিএনজিচালক কাফনের কাপড় পরে অবরোধে অংশগ্রহণ করেছেন। তবে, তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন, অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছেন না। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এক শিক্ষার্থী বলেন, ‘ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফিরতে পারছি না। তীব্র রোদ আর যানজটে খুবই অস্বস্তি হচ্ছে। এত যানজট যে হেঁটেও যেতে পারছি না বাসায়।’
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর বাইরের সিএনজিচালকরা ঢাকা মহানগর এলাকায় সিএনজি চলাচলের দাবিতে সড়ক বন্ধ করে দিয়েছেন। এর ফলে উত্তরা-মহাখালী রুটে উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে।
তবে, কাকলী হয়ে গুলশান ২, গুলশান ১ থেকে আমতলী অথবা গুলশান ১ হয়ে পুলিশ প্লাজা দিয়ে, একইভাবে বিপরীত দিকে আউটগোয়িং রুটে ডাইভারশন দেওয়া হচ্ছে। এছাড়া, উত্তরা থেকে তেজগাঁও/হাতিরঝিল এলাকায় এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।
খবরওয়ালা/আরডি