গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরপর তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে দুই যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনার মাত্র তিন ঘণ্টার মাথায় একটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় মহাসড়কের পাশে রাখা কাভার্ড ভ্যানটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা। একই দিনে অল্প সময়ের ব্যবধানে পর পর এমন নাশকতামূলক ঘটনায় পুরো এলাকা এবং মহাসড়কে চলাচলকারী চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ারের সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিতে হঠাৎ দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। বিষয়টির ভয়াবহতা দেখে স্থানীয়রা দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের টানা প্রায় আধা ঘণ্টার নিবিড় চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যানের মালিক নাবিল আহমেদ জানান, ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের ভাড়ায় চালিত গাড়িটি গত কয়েক দিন ধরে মহাসড়কের পাশে ওই নির্দিষ্ট স্থানে পার্কিং করা ছিল। সোমবার রাতে হঠাৎ কে বা কারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান তাঁর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনের ব্যবধানে একই রুট ও আশপাশের এলাকায় পৃথক ৩টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, যানবাহন মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও আলামত সংগ্রহ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুনের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে সার্বিক সহায়তা করে। একই দিনে পর পর গাড়িতে অগ্নিসংযোগের বিষয়টিকে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। নাশকতার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


