কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত দুই শিশু ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯) সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে।
নিহত ইব্রাহীম একই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম, তাবাসসুম ও প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুবুর রহমান বাড়ির পাশের ফুলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে খালে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের মধ্যে মাহাবুর রহমানকে জীবিত উদ্ধার করেন। প্রায় আধাঘণ্টা উদ্ধার অভিযান শেষে প্রথমে শিশু তাবাসসুমকে উদ্ধার করা হয়।তাৎক্ষণিকভাবে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তাবাসসুমকে উদ্ধারের ঘণ্টা খানেক পরে অপর শিশু ইব্রাহীমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এসআর



