খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লা নগরীর একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আফরিন (২৪), মায়ের নাম তাহমিনা আক্তার (৫০)। আজ সোমবার ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা বলেন, ‘সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম আমার এখানে বাড়ি ভাড়া নেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার, মেয়ে সুমাইয়া আফরিন ও দুই ছেলে এই বাসায় থাকছিলেন। গতকাল দুই ছেলে বাড়িতে ছিল না। তারা ঢাকায় ছিল বলে জানা গেছে। গত রাতে ঢাকা থেকে বাসায় আসলে তারা ঘরের দরজা খোলা দেখে। ভেবেছিল তাদের মা ও বোন ঘুমিয়ে আছে। কিন্তু বাসায় ঢোকার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯- এ কল দিলে আজ সোমবার ভোরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
বাড়ির মালিক আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গতকাল রোববার দিনের বেলায় তাদের বাসায় মধ্যবয়সী একজন ব্যক্তি এসেছিলেন। সকাল ৮টার দিকে এসে বেলা সাড়ে ১১টার দিকে বের হন। এরপর আরও একবার তাকে ঢুকতে দেখা গেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।
খবরওয়ালা/এমএজেড