কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, আহত ৩

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের অতর্কিত হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই উপপরিদর্শকসহ (এসআই) তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এই সংঘর্ষ ও আক্রমণের ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ এবং কনস্টেবল ইমরান। ঘটনার পরপরই সহকর্মীরা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকের কেনাবেচা ও সেবনের খবর পেয়ে অভিযানে যান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযান পরিচালনাকালে কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে মুহূর্তের মধ্যে কলেজ এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটকের খবর পেয়ে কুষ্টিয়া সরকারি কলেজ এবং পাশেই অবস্থিত কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী দ্রুত ঘটনাস্থলে জড়ো হতে থাকেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংগঠিত হয়ে গোয়েন্দা পুলিশের ওপর চড়াও হন এবং তাদের অবরুদ্ধ করে ফেলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে দুই এসআই এবং এক কনস্টেবল গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে হামলাকারীরা পুলিশ হেফাজতে থাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ আটক অন্য নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা ও জেলা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ও আহত কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এই হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিরা কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাতের অনুসারী ও কর্মী হিসেবে পরিচিত। এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্যদিকে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুই এসআইসহ তিন পুলিশ সদস্যের আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কলেজ ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।