কুষ্টিয়া সীমান্ত শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় শূন্যরেখায় অবস্থান করা ১২ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে। প্রায় ৭৮ ঘণ্টা শূন্যরেখায় আটকে থাকার পর সোমবার বেলা ১১টার দিকে তাদের নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল আমাদের প্রতিনিধি কে বলে,
, সীমান্তের পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সব এলাকাই শান্ত রয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে গত শুক্রবার ভোর ৫টার দিকে। ওই সময় দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে বিএসএফ ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে চারজন শিশু ছিল। তবে বিজিবি সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে তাদের প্রবেশ ঠেকিয়ে দেয়, ফলে তারা শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয়।
পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম দফার আলোচনায় বিএসএফ জানায়, তারা যাচাই করছে ওই ব্যক্তিরা তাদের দেশের নাগরিক কি না। নাগরিকত্ব নিশ্চিত হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়, তারা আলাদা করে পরিচয় যাচাই করছে না।
এ অবস্থায় দুই পক্ষের অবস্থান ভিন্ন থাকায় বিষয়টি অমীমাংসিত থেকে যায় এবং ১২ জন শূন্যরেখায় থেকে যান। এ সময় তারা টানা তিন দিন চরম মানবিক সংকটে পড়েন। খাবার, বিশ্রাম ও নিরাপদ আশ্রয়ের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা গোপনে তাদের খাবার পৌঁছে দেন এবং তারা পাটখেতের আইলে রাত কাটান।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ১৪৮/৩-এস পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ সদস্যরা তাদের শূন্যরেখা থেকে নিজেদের ভূখণ্ডে নিয়ে যায়।
ঘটনার সময়রেখা
সময় ও দিন
ঘটনা
শুক্রবার ভোর ৫টা
সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা
শুক্রবার সকাল
বিজিবি ও স্থানীয়দের বাধায় শূন্যরেখায় অবস্থান
শুক্রবার–রবিবার
শূন্যরেখায় মানবিক সংকটে ১২ জনের অবস্থান
শনিবার–রবিবার
দুই দফা পতাকা বৈঠক, সিদ্ধান্তে অগ্রগতি হয়নি
সোমবার সকাল ১০:৩০
পুনরায় পতাকা বৈঠক অনুষ্ঠিত
সোমবার বেলা ১১টা
বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক নুরুল হুদার নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। বিএসএফের পক্ষে ভারতের পশ্চিমবঙ্গের রানীনগর কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বিজিবি সূত্রে জানানো হয়, পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার পর বিএসএফ ওই ১২ জনকে কাঁটাতারের ভেতরে নিয়ে যায় এবং তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়।