কেরানীগঞ্জে ১৫ আগস্টের মোনাজাত আয়োজন: গ্রেপ্তার ১, নিন্দায় আওয়ামী লীগ

১৫ আগস্ট উপলক্ষে মিলাদ ও মোনাজাত আয়োজনের অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া টিলাপাড়া এলাকা থেকে মাহফুজ (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজ ইকুরিয়া টিলাপাড়া এলাকার বাসিন্দা নাযিল হক ভান্ডারীর ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকার একটি ভবনের ছাদে ১০ থেকে ১২ জন আওয়ামী লীগ কর্মী একত্র হয়ে এক গোপন মোনাজাতের আয়োজন করেন। সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই সটকে পড়লেও ঘটনাস্থল থেকে মাহফুজকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর মোনাজাতে অংশ নেওয়া অন্যান্যদের শনাক্ত করতে এবং গ্রেপ্তারের জন্য এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন। এক বিবৃতিতে তিনি বলেন, যেকোনো মানুষের ধর্মীয় অনুভূতি বা শোক প্রকাশ করার একটি স্বাভাবিক অধিকার রয়েছে। কিন্তু বর্তমান সরকার মানুষের শোক প্রকাশ করার এই ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নিয়েছে।

সরকারের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা না করে যদি কোনো দল বা মতকে কেবল দমন-পীড়ন ও আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, তবে তার ফলাফল কখনো শুভ হতে পারে না। ভবিষ্যৎই এই অন্যায়ের সঠিক জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের সহযোগী দলগুলোর নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত মাহফুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।