খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিমমধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সমুদ্র এলাকা উত্তাল হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি (নং–৩) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর বা উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে স্বল্প সময়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারে।
খবরওয়ালা/এমএজেড