গলাচিপায় এক ভাইয়ের লাঠির আঘাতে আরেক ভাইয়ের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে মেজো ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মাহবুব (৩৫) মারা গেছেন। 

তিনি চরবিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার জলিল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে পারিবারিক বিরোধের এক পর্যায়ে রেজাউল নামে মেজো ভাই ছোট ভাই মাহবুবের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত মাহবুবকে প্রথমে চরবিশ্বাস ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন। চিকিৎসার পর তিনি বাড়িতে ফিরে স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন।

তবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জলিল হাওলাদার জানান, ছেলেদের ঝগড়ার সময় হঠাৎ রেজাউল লাঠি দিয়ে পেছন থেকে মাহবুবকে আঘাত করেন। এতে তার মাথায় মারাত্মক জখম হয়। চিকিৎসার পরও শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হবে না বলেও জানান তিনি।

গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।