খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায় ।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে নিহতের ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মৃতের সংখ্যা ৫২,৩১৪ জনে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ওই ২৪ ঘণ্টায় ১৫৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়। যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১,১৭,৭৯২ জনে দাঁড়াল। তবে আরও অনেককে হাসপাতালে আনা সম্ভব হয়নি। তাই প্রকৃত সংখ্যা অজানা।
মন্ত্রণালয় বলেছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলি বাহিনী এলাকা ঘিরে রেখেছে। স্বেচ্ছাসেবীদেরও হামলার শিকার হতে হচ্ছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় তাদের মারাত্মক আক্রমণ পুনরায় শুরু করার পর এ পর্যন্ত ২,২২২ জনকে হত্যা করেছে। এ সময় ৫,৭০০ জনেরও বেশি আহত হয়েছে।
খবরওয়ালা/এমইউ