গ্রেপ্তার-নজরদারিতে পুলিশের ভেতরে বাড়ছে আতঙ্ক

চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার, বাহিনীর অভ্যন্তরে নজরদারি জোরদার এবং জেলা পর্যায়ে নেতৃত্বের পরিবর্তন—সব মিলিয়ে পুলিশ বাহিনীর মধ্যে অস্বস্তি, আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক সদস্যের মধ্যে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা বাড়ছে। একই সময়ে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নতুন করে সংগঠিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দুই বছর পরও পুলিশ বাহিনী পুরোপুরি মনোবল ফিরে পায়নি। সাম্প্রতিক গ্রেপ্তার ও বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর পাশাপাশি কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, কয়েকজন কর্মকর্তা বাহিনীর অভ্যন্তরীণ সংবেদনশীল তথ্য বাইরে সরবরাহ করছেন এবং সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে—এমন অভিযোগ সামনে আসার পর নজরদারি বাড়ানো হয়েছে। এসব অভিযোগ তদন্ত করতে গিয়ে বিদেশে অবস্থানরত কয়েকজন পুলিশ সদস্যের নামও উঠে এসেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় কর্মরত পুলিশ সদস্যদের ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে বিদেশে অবস্থানরত কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

গত বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিবাদী শক্তি’র সঙ্গে যুক্ত ছিলেন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন সদস্য তথ্য ফাঁস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নজরদারিতে রয়েছেন।

গ্রেপ্তার কর্মকর্তারা হলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, এসপি মো. আবুল কালাম আজাদ এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাকিবুল হাসান।

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত এসপি মোহাম্মদ জাহাংগীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে ২৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। গোপালগঞ্জের বাসিন্দা এই কর্মকর্তাকে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

এর পরদিন গ্রেপ্তার হন ২৫তম বিসিএসের কর্মকর্তা এসপি মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা এএসপি মো. রাকিবুল হাসান।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আজাদের বিরুদ্ধে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।

পুলিশের একাধিক সূত্রের দাবি, এসব কর্মকর্তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের আগে দায়িত্ব পালনকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে। সাম্প্রতিক কর্মকাণ্ড, যোগাযোগ এবং নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন

মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করতে জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে। গত বুধবার সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি জেলা সীমান্তবর্তী।

এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়।

পুলিশের সূত্রগুলো বলছে, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব দায়িত্ব দেওয়ার মাধ্যমে বাহিনীকে পুনর্গঠনের চেষ্টা চলছে। বিশেষ করে জেলা পুলিশের শীর্ষ পদে এমন কর্মকর্তাদের বাছাই করা হচ্ছে, যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রতিকূল পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

কিছু জেলা পর্যায়ের কর্মকর্তা প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারায় তাদের পর্যায়ক্রমে এসব পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

স্বাভাবিক হয়নি গোপালগঞ্জের দুই থানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

গত ১৭ নভেম্বর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এর দুই দিন পর, ১৯ নভেম্বর দুপুরে মুকসুদপুর থানায় হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়। থানার ভেতরে থাকা পুলিশের গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।

মুকসুদপুর থানার এক কর্মকর্তা জানান, বর্তমানে সেখানে ৩৫ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তবে থানার ভবন, গাড়ি ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, থানায় এখন পোড়া ভবন ও গাড়ি পাহারা দেওয়াই প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। কেউ সেবা নিতে ফোন করলে তাকে সার্কেল এএসপি অথবা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান জানান, দুটি থানার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হতে সময় লাগবে। বর্তমানে শুধু অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা চালু রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ভবন, গাড়ি ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনই স্বাভাবিকভাবে থানা পরিচালনা করা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কবে নাগাদ থানাগুলো পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

বাহিনীর সদস্যদের মধ্যে বাড়ছে ভীতি

গ্রেপ্তার, নজরদারি ও বদলির ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। কর্মরত একাধিক সদস্যের দাবি, ব্যক্তিগত পরিচয়, নিজ জেলা কিংবা রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তাদের মনোবল আরও দুর্বল করে দিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সহকারী পুলিশ সুপার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দুই বছর পেরিয়ে গেলেও পুলিশ বাহিনী এখনো স্বাভাবিক আত্মবিশ্বাস ফিরে পায়নি। প্রমাণ ছাড়াই অভিযোগের ভিত্তিতে কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে—এমন ধারণা বাহিনীর ভেতরে ভীতি তৈরি করেছে।

তিনি বলেন, কর্মকর্তাদের নজরদারিতে রাখার সরকারি বক্তব্যের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে। এমনকি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও অনেকে ভয় পাচ্ছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা আরেক পুলিশ কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশের আশঙ্কায় উদ্বেগ জানান। তার ভাষ্য, রাষ্ট্রীয় ও সংবেদনশীল বিষয়ে কথা বলার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়লে বিপদ হতে পারে—এমন আশঙ্কা অনেকের মধ্যে কাজ করছে।

বর্তমান পরিস্থিতিতে একদিকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, অন্যদিকে পুলিশ সদস্যদের মধ্যে আস্থা ও মনোবল ফিরিয়ে আনা—দুই ক্ষেত্রেই কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মাঠপর্যায়ে পুলিশের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।