গ্র্যামিতে মনোনয়ন পেলেন যাঁরা

বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর ২০২৬ সালের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। এবারও তালিকার শীর্ষে আছেন মার্কিন র‍্যাপার কেনড্রিক লামার, মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। তাঁর পরেই আছেন লেডি গাগা, সার্কিট এবং জ্যাক আন্তোনফ, প্রত্যেকে সাতটি করে মনোনয়ন পেয়েছেন।

প্রথমবারের মতো গ্র্যামির অন্যতম মর্যাদাপূর্ণ বিভাগ ‘সং অব দ্য ইয়ার’–এ জায়গা করে নিয়েছে কে-পপ। এতে দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পীদের অংশগ্রহণ বিশ্ব সংগীতমঞ্চে এ ধারার ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।

গত বছর পাঁচটি গ্র্যামি জয় করেছিলেন কেনড্রিক লামার। এবারের মনোনয়ন তালিকায়ও তিনি শীর্ষে আছেন। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘GNX’ প্রতিদ্বন্দ্বিতা করছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে, যেখানে তাঁর সঙ্গে আছেন ব্যাড বানি, জাস্টিন বিবার, সাবরিনা কার্পেন্টার, লেডি গাগা, লিওন থমাস, টাইলর দ্য ক্রিয়েটর এবং হিপহপ জুটি ক্লিপস (পুশা টি ও ম্যালিস)।

লামারের পর দ্বিতীয় স্থানে রয়েছেন লেডি গাগা—এইবার তাঁর সাতটি মনোনয়ন। একইসংখ্যক মনোনয়ন পেয়েছেন সংগীত প্রযোজক সার্কিট ও জ্যাক আন্তোনফও। এ ছাড়া সাবরিনা কার্পেন্টার, লিওন থমাসব্যাড বানি পেয়েছেন ছয়টি করে মনোনয়ন।

স্প্যানিশ ভাষার সংগীতেও এসেছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো তিনটি প্রধান বিভাগ—‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ এবং ‘রেকর্ড অব দ্য ইয়ার’-এ মনোনয়ন পেয়েছেন ব্যাড বানি। তাঁর গান ‘DTMF’ প্রতিদ্বন্দ্বিতা করছে রেকর্ড অব দ্য ইয়ার ক্যাটাগরিতে, যেখানে আরও আছেন সাবরিনা কার্পেন্টারের ‘Manchild’, ডোচির ‘Anxiety’, বিলি আইলিশের ‘Wildflower’, লেডি গাগার ‘Abracadabra’, লামার ও এসজেডএ–এর ‘Luther’, চ্যাপেল রোনের ‘The Savway’ এবং ব্রুনো মার্স ও রোজের ‘Apt’।

গতবারের ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কারজয়ী চ্যাপেল রোন এবারের মনোনীতদের তালিকা ঘোষণা করেন। এ বছর ‘বেস্ট নিউ আর্টিস্ট’ বিভাগে রয়েছেন অলিভিয়া ডিন, ক্যাটসাই, দ্য মারিয়াস, অ্যাডিসন রে, সোম্বর, থমাস, অ্যালেক্স ওয়ারেন এবং লোলা ইয়াং

এ ছাড়া এবারের গ্র্যামিতে প্রথমবারের মতো চালু হয়েছে ‘বেস্ট অ্যালবাম কাভার’ বিভাগ। এই বিভাগে মনোনয়ন পেয়েছেন ওয়েট লেগ, পারফিউম জিনিয়াস, ব্যাড বানি, ডিজো এবং টাইলর দ্য ক্রিয়েটর।

তবে এবারের মনোনয়ন তালিকায় অনুপস্থিত টেলর সুইফট। কারণ, তাঁর ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশ পেয়েছে গত অক্টোবরে, যা মনোনয়ন বিবেচনার সময়সীমার বাইরে পড়েছে (৩১ আগস্ট ২০২৪ থেকে ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত)।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬, লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের সঞ্চালকের নাম এখনো ঘোষণা করা হয়নি।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।