খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রেজাউল করিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পেশায় তিনি পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মী ছিলেন।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মুকুন্দপুর কামারপাড়া রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ।
নিহত রেজাউল করিম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মইনপুর গ্রামের মো. জুরুল মিয়ার ছেলে। তিনি কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। বন্ধুদের সঙ্গে তিনি সিলেটের শ্রীমঙ্গল ভ্রমণে যাচ্ছিলেন।
আহত বন্ধু ইমাম হোসেন, রিফাত মিয়া এবং আব্দুল মান্নান জানান, তারা কুমিল্লা স্টেশন থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদে করে যাচ্ছিলেন। আখাউড়া রেলস্টেশন পার হওয়ার পর ৮-১০ জন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা রেজাউলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ছিনতাইকারীরা তাদের মোবাইল ফোন, টাকা ও কাপড়-চোপড় ছিনিয়ে নেয়।
নিহতের চাচাতো ভাই এম মামুন অভিযোগ করেন, দুর্ঘটনার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার দাবি, সময়মতো চিকিৎসা পেলে রেজাউলকে বাঁচানো যেত।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণ করা আইনত নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ছিনতাইকারীরা ফেলে দিয়েছে নাকি অসাবধানতাবশত পড়ে গেছেন, তা তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরওয়ালা/টিএসএন