খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 17শে আশ্বিন ১৪৩২ | ২ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় মোবাইল ফোনে মোটা অংকের চাঁদা দাবি করে তা না পেয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তেরা বোমা হামলা করেছে। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের তিনজন কর্মচারী আহত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মেসার্স বিশ্বাস ‘ট্রেড ইন্টারন্যাশনাল’ এবং ‘এল তরফদার ট্রেডার্সে’ এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাসুম (৩২), শাওন (৩০) ও সিহাব (২৮)। তারা তিনজনই মেসার্স বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল নামের ওই প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী জিয়াউর রহমান বলেন, বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীসহ অফিসে বসে কাজ করছিলাম। এমন সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুইটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা প্রতিষ্ঠানের জানালার গ্লাস ভেঙে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আমার তিনজন কর্মচারী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় অফিসের ভিতরে ব্যাপক ক্ষতি হয়েছে। এর পরপরই নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় ‘মেসার্স এল তরফদার ট্রেডার্সের’ সামনে দুর্বৃত্তরা একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পরপর দুইটি প্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর যৌথবাহিনীসহ অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, গত ১০/১২ দিন আগে দুর্বৃত্তরা আমার কাছে মোবাইল ফোনে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারাই এ হামলা করেছে বলে ধারণা করছি।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এর আগে গত ১৮ জুলাই নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘নোয়াপাড়া গ্রুপের সুফলা’ বিল্ডিং-এ বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বোমাগুলো স্থানীয়ভাবে বানানো। তবে এগুলো কি ধরণের বোমা সেটি পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে। চাঁদা দাবির বিষয়ে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খবরওয়ালা/এমইউ