চাঁদা না পেয়ে প্রবাসীকে বন্দুক উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদা না পেয়ে এক প্রবাসীকে বন্দুক উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া।

রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, সোহরাব হোসেন নিজ বাড়ির পাশে একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করলে শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ ১০-১২ জন মিলে সোহরাবকে মারধর করে। একপর্যায়ে শাহজাহান বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেন। এ সময় সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

অভিযুক্ত শাহজাহান ভূঁইয়া বলেন, “পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলা হয়েছে। আমি বাধা দিতে গেলে উল্টো মারধরের শিকার হই। আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় ছবি তুলে অপপ্রচার চালানো হচ্ছে।”

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, “ঘটনাটি শুনেছি। তদন্তে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, “এ ঘটনায় প্রবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।