চাঁদা না পেয়ে শিক্ষিকার বাড়িতে হামলা, লুট পাঁচ লাখ টাকা

মুন্সীগঞ্জের সদর উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষিকার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়ি থেকে ছয় ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি আইফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ছাড়া বাড়ির সামনে রাখা তাঁর কলেজপড়ুয়া ছেলের মোটরসাইকেল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর শিক্ষিকা ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী সোনিয়া জাহান মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকার সাতুল হেরা বালিকা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। স্থানীয় ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, নয়াগাঁও পশ্চিমপাড়া এলাকার রবিন, আশিকসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে। ওই সময় অসুস্থ বৃদ্ধ মাকে ক্লিনিক থেকে দেখে বাড়ি ফিরছিলেন সোনিয়া জাহান। পথে অভিযুক্তরা তাঁর কাছে চাঁদা দাবি করেন। নিজের ও ছেলের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ১০ হাজার টাকা দিতে রাজি হন এবং তা পরিশোধ করেন। তবে দাবির বাকি টাকা দিতে অস্বীকৃতি জানান।

অভিযোগ অনুযায়ী, পরদিন বুধবার (২৫ নভেম্বর) রাতে অভিযুক্তরা আবার তাঁর বাড়িতে গিয়ে বাকি টাকা দাবি করেন। এ সময় তাঁকে হুমকি দেওয়া হয় এবং বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে সোনিয়া জাহান মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আশিক নামে একজনকে গ্রেপ্তার করে।

তবে আশিক গ্রেপ্তারের পরদিন বৃহস্পতিবার সকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। রবিনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল নয়াগাঁও পশ্চিমপাড়ার ‘ক্ষণিকালয়’ বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির জানালা, আসবাবপত্র ও আলমারি ভাঙচুর করা হয়।

পরিবারের অভিযোগ, হামলাকারীরা ঘরের ভেতরে থাকা ছয় ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা, একটি ল্যাপটপ, একটি আইফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। বাড়ির সামনে রাখা সোনিয়া জাহানের ছেলে সিযামুছ সাকিবের মোটরসাইকেলটিও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

সোনিয়া জাহান বলেন, ‘রবিন ও আশিকসহ ১০ থেকে ১৫ জন আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছে। আমি ১০ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা দিতে অস্বীকার করায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। ঘর থেকে ছয় ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি আইফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।’

তিনি আরও জানান, অভিযুক্ত রবিন নয়াগাঁও গ্রামের মো. আলী দেওয়ানের ছেলে। হামলার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাঁরা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার তদন্তকারী কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, নয়াগাঁও গ্রামে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি সংঘবদ্ধ দল জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে আশিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে লুট হওয়া মালামাল উদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। থানায় অভিযোগের পরও পরদিন বাড়িতে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।