চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে মজুত ৯ হাজার কেজি সার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে দুটি গোডাউনে সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। এসময় প্রায় ৮ হাজার ৭০০ কেজি ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বড়াইল দেওপুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল আখিরা গ্রামের আবু বাক্কারের ছেলে ও দেওপুরা বাজারের কীটনাশক ব্যবসায়ী শাহজাহান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তার মালিকানাধীন মেসার্স শাহজাহান ট্রেডার্সের দুটি গুদাম থেকে মোট ১৭৪ বস্তা সার উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির মুন্সি। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে। ইতিমধ্যে ৩৫ বস্তা সার তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি প্রধান নাচোল ও গোমস্তাপুর উপজেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ জেলায় রাসায়নিক সারের ব্যাপক চাহিদা থাকায় প্রায়ই সংকট দেখা দেয়। এ সুযোগে অসাধু ডিলার ও ব্যবসায়ীরা সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি ও পাচারের চেষ্টা চালায়। জব্দকৃত সারগুলো নওগাঁয় পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল। এর আগে গত ২৩ জুন নাচোলে নওগাঁয় পাচারের সময় ৪০ বস্তা সার আটক করা হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।