খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে এই আদেশ দেন।
সকালে তাঁর শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জামিন আবেদন করেন চিন্ময়ের আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষ এবং তদন্তকারী কর্মকর্তা জানান, আসামির চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জামিন না দেওয়ার পক্ষে আদালতে আবেদন জানান।
জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যদিও চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে সরাসরি হাজির করা হয়নি।
এর আগে, গত ৬ মে কোতোয়ালি থানায় দায়ের করা চারটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন আদালত। ওই শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, মামলাগুলোর সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
আসামিপক্ষের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে গুরুতর অসুস্থ, তিনি লিভার সিরোসিসে ভুগছেন এবং চিকিৎসার জন্য বিশেষ যত্নের প্রয়োজন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সঙ্গে তাঁর কোনো সরাসরি সম্পৃক্ততা নেই বলে আমরা আদালতে বলেছি। উচ্চ আদালত এক রাষ্ট্রদ্রোহ মামলায় রুল অ্যাবসুলিউট করলেও পরবর্তীতে তাঁকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।’
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তাঁর আইনজীবীরা আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় জামিন চেয়েছিলেন। আদালত শুনানি শেষে সব মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন। হত্যা মামলার জামিন শুনানির দিন ধার্য ছিল আজ, বাকি মামলাগুলোর জন্য আলাদাভাবে জামিন আবেদন করা হয়েছিল।’
আসামিপক্ষ জানিয়েছে, তারা পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করবে।
খবরওয়ালা/আরডি