জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা আজ

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ সংক্রান্ত নথি অনুমোদন করেছে কমিশন এবং আজ বৃহস্পতিবার এই রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে। ইসির কর্মকর্তারা জানান, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন শেষ হবে তার সময়সূচী উল্লেখ করা হয়েছে।

বুধবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ আজ রোডম্যাপ ঘোষণার কথা জানান। তিনি বলেন, “এই মুহূর্তে আমরা কিছু কাজ করছি। হয়তো বৃহস্পতিবার আপনাদের আরও কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো।” এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমরা যে কর্মপরিকল্পনাটা (রোডম্যাপ) করেছি, সে কর্মপরিকল্পনাটা আপনাদের জানাব।”

এর আগে বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের মধ্যে এ নিয়ে একটি বৈঠক হয়। এই বৈঠকেই রোডম্যাপ অনুমোদন দেওয়া হয়।

ইসি সূত্র জানায়, রোডম্যাপে সেপ্টেম্বর মাসে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শুরু করার কথা উল্লেখ রয়েছে। এছাড়া, আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার ও ভোটের ব্যালট, ফরমসহ বিভিন্ন ধরনের খাম মুদ্রণ, ভোটকেন্দ্র চূড়ান্ত করা, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনি প্রশিক্ষণ কোন সময়ের মধ্যে শেষ করা হবে তা রোডম্যাপে উল্লেখ থাকবে। তবে এতে নির্বাচনের তপসিল ঘোষণা এবং ভোটের তারিখ উল্লেখ থাকবে না।

ইসির কর্মকর্তারা জানান, আগামী ফেব্রুয়ারির মাসের শুরুতে নির্বাচন এবং ডিসেম্বর মাসে তপসিল ঘোষণা করার লক্ষ্য সামনে রেখে এই রোড ম্যাপ ঘোষণা করা হচ্ছে। তারা আরও জানান, নির্বাচনি প্রস্তুতিমূলক কাজগুলো চলমান রয়েছে এবং রোডম্যাপে এসব কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হবে। এর মধ্য দিয়ে নির্বাচনে মানুষের শঙ্কা কিছুটা হলেও কমবে বলে তারা মনে করেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।