জাপানে সেরা ছবির সম্মান পেলো রুনার ‘নীলপদ্ম’

এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সময় অভিনেত্রী রুনা খানের ‘নীলপদ্ম’ সিনেমাটি বেশ আলোচনার জন্ম দেয়। একজন যৌনকর্মীর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর অভিনয় দেখার জন্য দর্শক মিলনায়তন ভরে ফেলেছিলো সেদিন।

ছবি দেখে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজের তারকারাও রুনার অভিনয়ের দারুণ প্রশংসা করেন। তবে সেবার এই ছবি কোন পুরস্কার ঘরে তুলতে পারেনি। অবশেষে সেই ব্যর্থতা ঘুচলো ‘নীলপদ্ম’ টিমের। দেশে পুরস্কৃত না হলেও ছবিটি এবার পুরস্কার জয় করলো জাপানে।

দেশটির ‘টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫’-এ পুরস্কার জিতলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌফিক এলাহি নির্মিত ছবি ‘নীলপদ্ম’। রুনা খান অভিনীত ছবিটি এই আন্তর্জাতিক উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম’-এর পুরস্কার অর্জন করে।

474147261 10235148673878446 5830950600950495066 n 1751094709 জাপানে সেরা ছবির সম্মান পেলো রুনার 'নীলপদ্ম'
নীলপদ্ম’ সিনেমার পোস্টারে রুনা খান

পুরস্কার পাওয়ার পর নির্মাতা তৌফিক এলাহি বলেন, ‘টোকিও লিফট অব ফেস্টিভ্যালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিল। জুরিরা সিনেমাটিকে বিভিন্নভাবে বিচার-বিশ্লেষণ করে মার্ক করছিলেন। সমস্ত আপডেটই ই-মেইলযোগে পাচ্ছিলাম। এটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটি ভাবিনি।’

উচ্ছ্বাস প্রকাশ করে এলাহি আরও বলেন, ‘নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। অনেক পরিশ্রম করেছি সিনেমাটি নিয়ে। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এ সম্মান শুধু আমার একার প্রাপ্তি নয়; এই সিনেমার শিল্পী, কলাকুশলী এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার।’

রুনা খান বলেন, ‘যে কোনো স্বীকৃতি আনন্দের। আমার অভিনীত নীলপদ্ম জাপানে পুরস্কৃত হয়েছে শুনে ভালো লাগছে। স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয়। এ সাফল্যের কৃতিত্ব আমার নয়, পুরো টিমের। সবার সহযোগিতায় ভালো একটি কাজ উপহার পেয়েছেন দর্শক।’

473754225 10235148674278456 1519324841057812361 n 1751094027 জাপানে সেরা ছবির সম্মান পেলো রুনার 'নীলপদ্ম'
নীলপদ্ম’ সিনেমার পোস্টার

রুনা খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’র।

সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ‘নীলপদ্ম’ বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

472880167 10235095971080909 5356967944297938895 n 1751094043 জাপানে সেরা ছবির সম্মান পেলো রুনার 'নীলপদ্ম'
‘নীলপদ্ম’ সিনেমার পোস্টারে রাশেদ মামুন অপু ও রুনা খান

 

 

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।