জামায়াতকে ‘মুনাফেকি’ দল বলল রিজভী; ক্ষুব্ধ প্রতিক্রিয়া দলটির

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীকে ‘মুনাফেকি’ দল বলে মন্তব্য করায় তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এই বিষয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ।

বিবৃতিতে মতিউর রহমান আকন্দ বলেন, ১২ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণসভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে মন্তব্য করেছেন, তা আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াত তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায়।

এর আগে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগমারা উপজেলার তাহেরপুরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় রুহুল কবির রিজভী বক্তব্য দেন।

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মুনাফেকি করেছে। মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি।’

জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, ‘জনাব রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে আসলে কী অর্জন করতে চান, তা আমাদের কাছে স্পষ্ট নয়। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে তাঁর এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী ও দুরভিসন্ধিমূলক। দেশবাসী মনে করেন, এ ধরনের বক্তব্য সৌজন্য ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।’

আকন্দ বিবৃতিতে আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। জামায়াতে ইসলামী কখনো কারও সঙ্গে মুনাফেকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করে যাচ্ছে। তাঁর (রিজভী) এই সব কথার কোনো ভিত্তি নেই। জামায়াতে ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে। আর এ কারণেই সম্ভবত জনাব রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা এ ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’
 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।