জামায়াতসহ ৮ দলের মিছিল আটকে দিয়েছে পুলিশ

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি নিয়ে যমুনা অভিমুখে রওনা হওয়া মিছিল রাজধানীর মৎস্য ভবন মোড়ে আটকে দিয়েছে পুলিশ।

তবে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাচ্ছেন দলগুলোর শীর্ষ নেতারা। প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সহসভাপতি রাশেদ প্রধান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে পল্টন মোড় থেকে প্রেসক্লাব হয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল শুরু হয়। এ সময় নভেম্বরে গণভোটসহ বিভিন্ন দাবিতে তারা স্লোগান দেন।

ঘোষণা অনুযায়ী রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে মিলিত হন জামায়াতসহ আন্দোলনরত আটটি ইসলামী দলের নেতাকর্মীরা। পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে আসতে থাকেন। পরে তারা পুরানা পল্টনে অন্য দলগুলোর সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন।

দলগুলোর পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এর ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আন্দোলনরত ইসলামী আট দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।