খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ই আগস্ট ২০২৫, ১০:৩০ এএম
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে। এই ধাপে ১০ লাখের বেশি শিক্ষার্থী কলেজে মনোনয়ন পেলেও জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৪১৮ জন শিক্ষার্থী এবারও কোনো কলেজে সুযোগ পায়নি।
বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছে।
আন্তঃশিক্ষা বোর্ড কমিটির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে মোট ১০ লাখ ১৩ হাজার ৬৪১ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে নতুন করে সুযোগ পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ৩০৬ জন। আবেদনকারীদের প্রায় ৯৯ শতাংশই কোনো না কোনো কলেজে মনোনয়ন পেলেও ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী এবারও সুযোগ পায়নি। এছাড়া, ১৪ হাজার ৭৩১ জনের কলেজে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন (অটো মাইগ্রেশন) হয়েছে।
বোর্ডের কর্মকর্তারা মনে করছেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও মূলত জনপ্রিয় কলেজগুলোতে আবেদন করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে অনেক কম জনপ্রিয় কলেজে আসন খালি থাকলেও সেখানে কেউ আবেদন করেনি। এ বছর মোট ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলছে। এর মধ্যে ৪১৩টিতে একজনও শিক্ষার্থী পাওয়া যায়নি এবং ১০টি প্রতিষ্ঠানে কেউ ভর্তির জন্য আগ্রহ দেখায়নি।
শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তির চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হবে এবং ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য