টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। গুঞ্জন উঠেছে, আগামী ৫ ডিসেম্বর সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। বরং বিয়ের খবর নিয়ে প্রশ্ন করা হলে কৌশলী উত্তর দিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি মিমির বিয়ের একটি আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই কার্ডে বর-কনের ছবির পাশাপাশি দেখা যায় তিনটি সারমেয়র ছবি। মিমির নিজের বাড়িতেও রয়েছে তিনটি পোষ্য কুকুর। এই মিল থেকেই অনেকের ধারণা, আমন্ত্রণপত্রটি অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানকে ঘিরেই তৈরি করা হয়েছে।
এরপর থেকেই কার্ডের নকশা এবং সেখানে পোষ্যদের ছবি রাখার বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি পোষ্য প্রাণীদের জন্য তৈরি একটি ক্লিনিকের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মিমি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিয়ের আমন্ত্রণপত্রে পোষ্যদের ছবি ব্যবহারের ভাবনা কার, এমন প্রশ্নের মুখে পড়েন তিনি।
প্রশ্ন শুনে সরাসরি উত্তর না দিয়ে অভিনেত্রী পাল্টা জানতে চান, ‘কার কার্ডের কথা বলছেন?’ সাংবাদিকেরা যখন স্পষ্ট করে জানান, তাঁরা তাঁর বিয়ের আমন্ত্রণপত্রের কথাই বলছেন, তখন মিমি বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। বরং হাসিমুখে বলেন, ‘তাই নাকি? ওহ্! আমি বরং এই আইডিয়াটা কাজে লাগাব।’ এরপর আবারও মজার ছলে বলেন, ‘কার কার্ডের কথা বলছেন, কিছুই বুঝতে পারছি না।’
বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের প্রসঙ্গ উঠলে নিজের স্বভাবের কথাও তুলে ধরেন অভিনেত্রী। মিমির ভাষ্য, ‘আমি এমন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করেনি। আমি ভীষণ ইতিবাচক মানুষ, মজা করতে ভালোবাসি। আর আমি প্রত্যেককে খুশি রাখতে চাই। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন।’
তাঁর এই মন্তব্যের পর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। বিশেষ করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার কথা বলায় অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের বিশেষ কোনো ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিতে পারেন তিনি। তবে অভিনেত্রীর বক্তব্য থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, নভেম্বরেই মিমি চক্রবর্তী ও সিদ্ধার্থ দত্তের বাগ্দান হতে পারে। এরপর ডিসেম্বরের শুরুতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে গুঞ্জন। পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে বিয়ের আয়োজন হতে পারে বলেও আলোচনা চলছে। ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি শুরু হয়েছে—এমন খবরও সামনে এসেছে। তবে এসব তথ্যের বিষয়ে মিমি কিংবা সিদ্ধার্থের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকলেও মিমি চক্রবর্তীর মূল পরিচিতি অভিনেত্রী হিসেবেই। দীর্ঘদিনের অভিনয়জীবনে টেলিভিশন ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ২০১০ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-তে পুপে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান মিমি। ধারাবাহিকটিতে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল।
এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘গোলন্দাজ’ ও ‘পোস্ত’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অভিনয়দক্ষতা তুলে ধরেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান তিনি। রাজনীতির পাশাপাশি অভিনয় ও অন্যান্য পেশাগত কাজেও সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় এসেছেন মিমি। নতুন সিনেমার কাজ এবং ব্যক্তিগত জীবন—দুই বিষয়েই এখন তাঁকে ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে।
সব মিলিয়ে বিয়ের আমন্ত্রণপত্রের ছবি, সিদ্ধার্থ দত্তের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন এবং সাংবাদিকদের সামনে মিমির রহস্যময় মন্তব্য—সবকিছু মিলিয়ে টালিউডে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী। তবে বিয়ের তারিখ, স্থান কিংবা আয়োজনের বিষয়ে তাঁর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে।



