খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫
পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ২২ কেজি ওজনের একটি বিশাল সামুদ্রিক কোরাল মাছ। মাছটি কুয়াকাটার স্থানীয় মাছের আড়তে ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটা সৈকতের পশ্চিমে লেবুরবন সংলগ্ন সাগরে আনোয়ার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি কুয়াকাটার হাসিব ফিস আড়তে নিয়ে আসা হয়। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫৫০ টাকা দরে বিক্রি হয় মাছটি। মোট দাম দাঁড়ায় ৩৩ হাজার ৭৯০ টাকা। স্থানীয় খাঁন ফিসের মাধ্যমে মাছটি কিনে নেন হাসিব ফিসের স্বত্বাধিকারী মো. খলিল।
বড় আকারের এই কোরাল দেখতে বাজারে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, ফলে বাজারে উৎসবের আমেজ সৃষ্টি হয়। জেলেরা জানান, এত বড় কোরাল মাছ সচরাচর ধরা পড়ে না। এ কারণে তারা বিশেষভাবে আনন্দিত।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কোরাল মাছ বাংলাদেশের একটি দামী ও জনপ্রিয় সামুদ্রিক মাছ। কুয়াকাটার জেলেদের জালে মাঝে মাঝে বড় আকৃতির কোরাল ধরা পড়ে। এ ধরনের মাছ রফতানির ক্ষেত্রেও ভালো মূল্য পাওয়া যায়। স্থানীয় বাজারে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ কাছ থেকে মাছটি দেখতে পেরেছে।’
খবরওয়ালা/এসআই