খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের কারণে কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা রবিউল ইসলাম রবিকে র্যাব গ্রেপ্তার করেছে। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রবিউল ইসলাম রবি ঝিনাইদহ সদর উপজেলার পদ্মকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী।
তিনি জানান, প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রবিকে সোমবার সকালে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের কারণে কম্বোডিয়া প্রবাসী মাহাবুবকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
এ ঘটনায় রবিবার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে বিএনপি নেতা রবিউল ইসলাম রবিসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খবরওয়ালা/টিএসএন