খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 28শে ভাদ্র ১৪৩২ | ১২ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন ৯ জন পোলিং এজেন্ট।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে তারা লিখিত অভিযোগ দেন এবং অনিয়ম তদন্তে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের অংশগ্রহণে একটি নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানান।
লিখিত অভিযোগে বলা হয়, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ব্যালট পেপার আগেই পূরণ করে রাখা, জাল ভোটারদের উপস্থিতি, পোলিং এজেন্টদের বাধা দেওয়া এবং অমোচনীয় নয়—এমন নির্বাচনী কালি ব্যবহারসহ বিভিন্ন গুরুতর অনিয়ম সংঘটিত হয়েছে।
এজেন্টদের দাবি, নির্বাচনের দিন জামায়াতপন্থী এক সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অনেকেই ভুয়া প্রেস-পাস নিয়ে ক্যাম্পাসে ঢুকে নির্বাচন প্রভাবিত করেন।
ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগে বলা হয়, “যদি এত বিপুলসংখ্যক ভোটার ভোট দেন, তাহলে আধাবেলা পরেই কেন অধিকাংশ কেন্দ্র ফাঁকা ছিল?” তারা দাবি করেন, ভোট গণনার সময়ও অনিয়ম হয়েছে—যেমন গণনায় দেরি, নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের গণনা কক্ষে অবৈধ উপস্থিতি, পোলিং এজেন্টদের গণনা মেশিন থেকে দূরে রাখা ইত্যাদি।
তাদের দাবিগুলো হল: শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের কাছে প্রমাণাদি জমা দেওয়ার আহ্বান, ভোট পুনর্গণনায় ম্যানুয়াল পদ্ধতির ব্যবহার, অংশগ্রহণকারী ভোটারদের পূর্ণ তালিকা প্রকাশ, ভোট গণনায় ব্যবহৃত মেশিন ও সফটওয়্যার কোন প্রতিষ্ঠানের তা স্পষ্ট করা, মেশিন গ্রহণের প্রক্রিয়া ও সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশ।
অভিযোগ দেওয়া পোলিং এজেন্টদের মধ্যে রয়েছেন: জাইবা তাহজীব, বৈশাখী সুলতানা রিথী, সামিরা রহমান, ইসরাত জাহান, শাহানা মমিন রাইসা, জাহরা নাজিফা, সামিহা হায়দার কথা, মো. মুসফিকুর রহমান ও রাজ ধর প্রীতম।
খবরওয়ালা/এমইউ