ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই। এতে আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট থেকে, চলবে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট দুপুর ৩টা।
মনোনয়ন বাছাই হবে ২০ আগস্ট এবং প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২১ আগস্ট। ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এরপর ২৬ আগস্ট বিকেলে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে সেদিনই। হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রেই এবং ডাকসুর ফলাফল সিনেট ভবনের সভাকক্ষে ঘোষণা করা হবে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, পরিচয়পত্রের পে-স্লিপ ছাড়া কেউ ভোট দিতে পারবেন না। এবারই প্রথম কেন্দ্র ও হলভিত্তিক ভোটারদের ছয়টি কেন্দ্রে ভাগ করা হয়েছে।
নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম রাব্বানী জানান, কার্জন হলে ভোট দেবেন শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা; শারীরিক শিক্ষাকেন্দ্রে জগন্নাথ, জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হল; ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া, শামসুন নাহার ও সুফিয়া কামাল হল; ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে কুয়েত মৈত্রী ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল; সিনেট ভবনে এ এফ রহমান, হাজী মুহম্মদ মহসীন ও বিজয় একাত্তর হল এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজে সূর্য সেন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
খবরওয়ালা/এন



