স্মার্টফোন ও নানা সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তির কারণে উদীয়মান প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস দ্রুত কমে যাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে অবাধে ছড়িয়ে পড়া ক্ষতিকর, অসত্য ও অনুপযুক্ত ডিজিটাল কনটেন্ট শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক গঠনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি সতর্ক করেন। এ ধরনের প্রযুক্তিগত ঝুঁকি এড়াতে এবং ইন্টারনেটে সুস্থ পরিবেশ বজায় রাখতে আন্তর্জাতিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোর সাথে আলোচনা করে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
শুক্রবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত ‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গবেষণা ও সাহিত্য সংস্থা ‘ছায়ানীড়’ এই গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রকাশনা উৎসবের আয়োজন করে।
বক্তব্যে প্রযুক্তি ব্যবহারের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, মোবাইল ফোন এখন তরুণদের দৈনন্দিন জীবনের সিংহভাগ সময় কেড়ে নিচ্ছে। এর ফলে তারা চিন্তাশীল সাহিত্যের বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া তথ্য ও ক্ষতিকারক কনটেন্ট তৈরির হারও উদ্বেগজনকভাবে বেড়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরিতে কাজ করছে।
দেশ ও সমাজের অগ্রগতিতে অবদান রাখা প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিত্বদের কাজের উপযুক্ত মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা ব্যক্তি পরিচয়ের সংঘাত ভুলে যারা সমাজ সংস্কারে কাজ করেছেন, তাঁদের জাতীয়ভাবে সম্মান দেওয়া দরকার। তরুণদের সামাজিক কাজে অনুপ্রাণিত করতে গুণীজনদের জীবন ইতিহাস ও অবদান তুলে ধরা জরুরি। উদাহরণ টেনে তিনি বলেন, টাঙ্গাইল জেলার অনেক বরেণ্য ব্যক্তি শিক্ষা, চিকিৎসাসেবা ও জনকল্যাণে ইতিহাস গড়েছেন। তাঁদের জীবন ও কর্ম সংকলিত করে বই আকারে গ্রন্থাগারগুলোতে পৌঁছে দিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আটটি গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং বিভিন্ন খাতে অবদান রাখা শত বছরের সফল ব্যক্তিত্বদের স্মরণে প্রকাশনা প্রকাশসহ তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজক সংস্থা ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন এবং সংস্থাটির উপদেষ্টা আব্দুল কাশেম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির প্রশাসনিক পরিচালক শায়খানাজে রহমান, নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমানসহ আমন্ত্রিত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।


