খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
নিখোঁজ ব্যবসায়ীর নাম আমজাদ হোসেন। তিনি গাজীপুর মহানগরের টান কড্ডা কাঁঠালিয়া পাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
নিখোঁজ ব্যবসায়ীর স্বজনদের অভিযোগ, মাইক্রোবাসযোগে ডিবি পুলিশ এসে আমজাদ হোসেনকে ধাওয়া করে। এ সময় ভয়ে তিনি নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন। উল্লেখ্য, আমজাদ হোসেনের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তিনি বালুর ব্যবসা করতেন।
ওই ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আমজাদ হোসেন বালুরগদিতে বসে ছিলেন। একপর্যায়ে ৮-১০ জন লোক একটি মাইক্রোবাসযোগে এসে তার অফিসের চারদিকে ঘিরে ফেলে এবং নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে তারা আমজাদ হোসেনকে আটক করার চেষ্টা করে।
আমজাদ হোসেন পালানোর চেষ্টা করেন। পেছন থেকে ধাওয়া করা হলে তিনি তুরাগ নদীতে ঝাঁপ দেন। এরপর তার পেছনে ধাওয়া করা লোকজন চলে যায়। এরপর থেকেই আমজাদ হোসেন নিখোঁজ।
খবর পেয়ে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো সন্ধান পাননি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়, তবে কোনো সন্ধান পাননি।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. ইদ্রিস আলী জানান, ‘লোকজন বলছে পুলিশের ধাওয়া খেয়ে আমজাদ হোসেন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। বিষয়টি এখনও পরিষ্কার নয়। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’
খবরওয়ালা/শরিফ