খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৭ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডকে ডিমের বাজার নিয়ন্ত্রণ ও মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার অভিযোগে ৭২ লাখ ২ হাজার ৯৭৩ টাকা আর্থিক জরিমানা করেছে। কমিশনের তদন্তে প্রমাণিত হয়েছে, পিপলস পোলট্রি অন্যান্য কোম্পানি ও ডিম ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে ভোক্তাবান্ধব প্রতিযোগিতা বাধাগ্রস্ত করেছে।
২০২২ সালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিবেদন ও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে কমিশন অনুসন্ধান শুরু করে। তদন্তে উঠে আসে, পিপলস পোলট্রি কাজী ফার্মস গ্রুপ, সিপি বাংলাদেশ, ডায়মন্ড এগ লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান ও আড়তদার সমবায় সমিতির সঙ্গে মিলে ডিমের সরবরাহ সীমিত করে কৃত্রিম সংকট তৈরি করেছিল। এ সময়, বাজারে ডিমের পাইকারি মূল্য ছিল প্রতি পিস ১১.৬০ থেকে ১১.৮০ টাকা, কিন্তু পিপলস পোলট্রি ব্যবসায়ীদের ১২ টাকায় ডিম বিক্রি করতে বাধ্য করত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিপলস পোলট্রি ব্যবসায়ীদের কাছে ডিমের গাড়ি পাঠানোর পর ৩০-৪০ পয়সা বেশি দাম নির্ধারণ করার নির্দেশ দিত। ব্যবসায়ীদের বাণিজ্যিক ডিমের সঙ্গে হ্যাচিং ডিম মিশিয়ে বিক্রি করতে বাধ্য করা হতো। ব্যবসায়ীরা এটি না চাইলে গাড়ি আটকে রাখা হতো অথবা ডিম ফেরত নেওয়া হলে ক্ষতির ঝুঁকি তৈরি হতো।
কমিশন উল্লেখ করেছে, প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘন করার অভিযোগে পিপলস পোলট্রি বিরুদ্ধে মামলায় অভিযোগ প্রমাণিত হয়েছে। গত তিন বছরের গড় টার্নওভারের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ৭২ লাখের বেশি টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধ না করলে প্রতিদিন এক লাখ টাকা অতিরিক্ত জরিমানা গুনতে হবে। তবে প্রতিষ্ঠানটির রিভিউ বা আপিলের সুযোগ রয়েছে।
খবরওয়ালা/আরডি
মন্তব্য