দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৬২২ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৯৯ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৪ জন ও রংপুর বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। তাঁদের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
চলতি বছরে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১৬১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ হাজার ৮১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৭ হাজার ৬৮৮ জন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সর্বত্র সচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি। সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
খবরওয়ালা/এসআর



