ডেপুটি হাইকমিশনার শাবাবকে দেশে ফেরার নির্দেশ

ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে কোরবানির দীর্ঘদিনের রেওয়াজ বন্ধের নির্দেশ দিয়ে বিতর্কে জড়ানো নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (স্থানীয়) শাবাব বিন আহমেদকে ঢাকায় ফিরিয়ে আনছে সরকার। একই সঙ্গে কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবে তার বদলি আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) নওরিদ শারমীন স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, শাবাব কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগদানের আগেই ঈদুল আজহার কোরবানি বন্ধে মৌখিক নির্দেশনা দেন। তার এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা ও ক্ষোভ।

বিষয়টি নিয়ে বিতর্ক চরমে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয় শাবাবের বদলি আদেশ বাতিল করে তাকে ঢাকায় ফেরার নির্দেশ দেয়।

কোরবানি বন্ধের নির্দেশনা দেওয়ার পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে শাবাব নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে জানান, হোস্ট কান্ট্রির (ভারত) আস্থা অর্জন করাটা আমাদের জন্য জরুরি। এই আস্থা অর্জনের জন্যই তিনি এই নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, কলকাতা বাংলাদেশ মিশনে গত তিন দশকের বেশি সময় ধরে ঈদুল আজহায় কোরবানি দিয়ে আসছে মিশন কর্তৃপক্ষ। প্রতিবছর ৫ থেকে ৭টি গরু বা ছাগল কোরবানি দেওয়া হয়। এই কোরবানির মাংস স্থানীয় এতিমখানা ও মুসলিম বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয়।
এই ঐতিহ্যবাহী মানবিক কার্যক্রম বন্ধে নির্দেশনা দেওয়ায় অনেকেই বিষয়টিকে ‘ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মান’ হিসেবে দেখছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ‘আপনাকে সদর দপ্তর ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমান দায়িত্বভার (মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ) ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। ২০২৩ সালের ২১ নভেম্বর জারিকৃত কলকাতার উপহাইকমিশনের পদে বদলির আদেশটি বাতিল করা হলো’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।