ঢাকায় ১০০টির বেশি জিপি-ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ সরকারের

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সরকারি হাসপাতালে রোগীদের ভিড় কমাতে চিকিৎসাখাতে দেশে রেফারেল পদ্ধতি চালু করতে চায় অন্তর্বর্তী সরকার। এরই লক্ষ্যে রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ১০০টির বেশি ‘জিপি-ক্লিনিক’ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার প্রতিনিধি এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে জিপি-ক্লিনিকের চালুর উদ্যোগের বিষয়টি জানা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এসব ক্লিনিক থেকে রোগীরা বিনা মূল্যে রোগ পরীক্ষা করাতে পারবেন, ওষুধও পাবেন। সরকারি কোনো হাসপাতালে চিকিৎসা নিতে হলে আগে যেতে হবে এসব ক্লিনিকে। সেখান থেকেই চিকিৎসকেরা প্রয়োজন বোধে রোগীকে হাসপাতালে পাঠাবেন।

তারা মনে করছেন, রেফারেল পদ্ধতি চালু করলে সেবা দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা আসবে, সেবার মান উন্নত হবে। রেফারেন্স বা চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসা দেওয়াকে রেফারেল পদ্ধতি বলা হচ্ছে। এ ব্যবস্থায় প্রাথমিক চিকিৎসা নিতে সরকারি হাসপাতালে রোগীদের ভিড় করতে হবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শহর এলাকায়, বিশেষ করে ঢাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জিপি-ক্লিনিক চালু করা ও রেফারেল পদ্ধতি প্রবর্তন করার বিষয়ে ১৭ ফেব্রুয়ারি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ১৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা হয়েছে। এ বিষয়ে একটি ধারণাপত্রের খসড়াও তৈরি হয়েছে।

বাংলাদেশে গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার সুবিন্যস্ত কাঠামো আছে। সে কাঠামো হলো কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। যদিও সেবার মান নিয়ে প্রশ্ন আছে। শহরে এ রকম স্বাস্থ্য পরিকাঠামো নেই। ঢাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার স্থায়ী কাঠামোর অভাব পূরণ করবে জিপি-ক্লিনিক।

বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা নগরবাসীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্যকেন্দ্র থাকবে। কেন্দ্রগুলো দুই শিফট (পালা) চলবে। ১২ থেকে ১৪ ধরনের রোগের পরীক্ষা সেখানে হবে। অত্যাবশ্যকীয় ওষুধও থাকবে।’ তিনি বলেন, এসব কেন্দ্র থেকে রোগী বিশেষায়িত হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে। ডিজিটাল প্রযুক্তিতে রোগী নিবন্ধন করা হবে। ১ মার্চ থেকে এর কিছু কাজ বিএসএমএমইউয়ে শুরু হতে যাচ্ছে।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।