মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ আটটি জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমপূর্ণ স্থান পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন।
নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে থাকা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।
আধুনিক এসব প্রযুক্তির মাধ্যমে দ্রুত পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো এলাকায় পরিস্থিতির অবনতি হলে সংশ্লিষ্ট বাহিনীগুলো যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারে, সে লক্ষ্যেও নজরদারি জোরদার করা হয়েছে।
ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির এই মোতায়েনকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


