খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জুলাই ২০২৬, ১১:১২ এএম
ব্যাংকিং ও বিমা খাতের মধ্যে সমন্বয় জোরদার করা, গ্রাহক-বান্ধব বিমা সেবার প্রসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী একটি নিবিড় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ব্যাংকাসুরেন্স ইন বাংলাদেশ: রেগুলেটরি, অপারেশনাল অ্যান্ড সেলস রেডিনেস’ শীর্ষক এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ‘মাস্টার অফ প্রফেশনাল ব্যাংকিং’ (এমপিবি) প্রোগ্রাম এবং ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড।
গত ১০ জুলাই শুক্রবার থেকে শুরু হয়ে আজ ১১ জুলাই শনিবার পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ৯ তলায় অবস্থিত অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এই আয়োজন চলে। শুক্রবার বিকেল ৩টায় এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ এবং সম্মানিত অতিথি হিসেবে একই বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সভাপতি মো. রাশেদ আক্তার, এমপিবি প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ এবং ব্যাংকার্স ক্লাবের লার্নিং ডেভেলপমেন্ট সেক্রেটারি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (আরিয়ান) উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে আমন্ত্রিত অতিথিরা দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংকাসুরেন্সের গুরুত্ব তুলে ধরেন। ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ মানুষের কাছে নির্ভরযোগ্য ও সহজ উপায়ে বিমা সেবা পৌঁছে দেওয়ার ওপর তাঁরা জোর দেন।
দুই দিনের এই কর্মশালায় মোট আটটি বিশেষায়িত সেশন পরিচালিত হয়। প্রথম দিনে বাংলাদেশের সামগ্রিক ব্যাংকাসুরেন্স পরিস্থিতি, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ব্যাংকের আইনি কাঠামো, বিভিন্ন অংশীদারিত্বের মডেল ও চুক্তিপত্র প্রণয়ন নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিনে ব্যাংক ও বিমা কোম্পানির প্রযুক্তিগত সমন্বয়, কেওয়াইসি (KYC) ও অ্যান্টি-মানি লন্ডারিং নিয়মকানুন, প্রিমিয়াম সংগ্রহ, বিমা দাবির নিষ্পত্তি, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক সুরক্ষা এবং টেকসই প্রবৃদ্ধির কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক ও আলোচক হিসেবে সেশনগুলো পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরা। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, মোহাম্মদ আশফাকুর রহমান, এস এম ইব্রাহিম হোসেন, শুভাশিষ বড়ুয়া, মোহাম্মদ মাহবুব হোসেন, অধ্যাপক ড. হাসিনা শেখ, মো. রাশেদ আক্তার এবং সুবীর কুমার কুণ্ডু।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি কর্মশালায় বাস্তবভিত্তিক কেস স্টাডি, দলগত আলোচনা, ভূমিকা অভিনয় (রোল-প্লে) এবং আইনি নথি পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীদের সুবিধার্থে ‘ব্যাংকাসুরেন্স লঞ্চ চেকলিস্ট’ ও ‘কেপিআই ড্যাশবোর্ড’ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ জুলাই ২০২৬ তারিখে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
মন্তব্য