তিন দফা দাবি পূরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষকরা কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন

লাগাতার কর্মবিরতি এবং বার্ষিক পরীক্ষা বর্জনের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এবার তিন দফা দাবি বাস্তবায়নের জন্য ‘কমপ্লিট শাটডাউন’-এ যাচ্ছেন। আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আওতায় থাকবে। একই সঙ্গে উপজেলা বা থানা শিক্ষা অফিসের সামনে শিক্ষকরা অবস্থান নেবেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারাদেশে শিক্ষকরা ইতিমধ্যে কর্মবিরতিতে রয়েছেন। দাবি আদায়ে কর্মসূচি পালনকালে অনেকেই হেনস্তার শিকার হয়েছেন। এজন্য আমরা বিদ্যালয় কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিতে যাচ্ছি। রাত ৭টায় ভার্চ্যুয়ালি সভা করে আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত, যাদের অধিকাংশই সহকারী শিক্ষক।

প্রধান শিক্ষকদের বেতন বর্তমানে দশম গ্রেডে হলেও সহকারী শিক্ষকরা পাচ্ছেন ১৩তম গ্রেড। এই বৈষম্যের প্রতিবাদে এবং গ্রেড উন্নীতকরণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। ৮-১১ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির সময় পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হন। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে তারা পরবর্তীতে কর্মস্থলে ফিরে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় ২৭ নভেম্বর থেকে পুনরায় কর্মবিরতি শুরু করেন।

সহকারী শিক্ষকদের দাবি:

বেতন দশম গ্রেডে উন্নীতকরণ,

চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান,

শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দশম গ্রেড দেয়ার বিষয়ে রাজি না হয়ে আপাতত ১১তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। শিক্ষকরা অন্তত সেই ১১তম গ্রেড কার্যকর করার দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।