একজন মায়ের কাছে সন্তানের চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। পৃথিবীর সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি একজন মা খুঁজে পান তাঁর সন্তানের মুখের দিকে তাকিয়ে। অথচ বাংলাদেশের মাটিতে এমন এক হৃদয়বিদারক ঘটনা ঘটল, যেখানে একজন মা তাঁর অসুস্থ সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য পাশে থাকতে চেয়েও পারেননি। শেষ পর্যন্ত সন্তান মারা যাওয়ার পরও তাঁকে সন্তানের কাছে যেতে দেয়া হয়নি, বরং সন্তানের নিথর দেহ নিয়ে যেতে হয়েছে মায়ের কাছে। কারাগারের ফটকে দাঁড়িয়ে মাত্র ২ মিনিটের জন্য একজন মাকে শেষবারের মতো দেখতে হয়েছে নিজের সন্তানের মুখ।
নিসর্গ হোসেন তূর্য। বয়স মাত্র ১৫ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন এই কিশোরের স্বাভাবিক জীবনযাপন, খাওয়াদাওয়া, চিকিৎসা ও দৈনন্দিন পরিচর্যার জন্য মায়ের সার্বক্ষণিক সহযোগিতা প্রয়োজন ছিল। মা শারমিন সুলতানা শর্মী ছিলেন তার সবচেয়ে বড় অবলম্বন। মাকে ছাড়া কীভাবে থাকবে, সেই ভয়ও প্রকাশ করেছিল তূর্য। কিন্তু সেই মাকেই তার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো।
গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগে শারমিন সুলতানা শর্মীকে গ্রেপ্তার করা হয়। শর্মী যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শর্মীকে গ্রেফতারের দিন দেখা যায় ক্ষমতাসীন বিএনপির লোকজনের মবের শিকার হয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শর্মীর নিজের বক্তব্যেও তাঁকে বাসা থেকে মব করে তুলে আনার অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, গ্রেপ্তারের আগে তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না; পরে সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে মামলায় আসামি করা হয়।
এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের বিচার করার দায়িত্ব আদালতের। কিন্তু কাউকে মব করে তুলে দেওয়া, জনতার আদালতে অপরাধী সাব্যস্ত করা কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে বিপর্যস্ত করে দেওয়ার অধিকার কারও নেই।
শর্মীকে যখন পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছিল, তখন তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, তাঁর একটি অসুস্থ সন্তান রয়েছে। প্রতিবন্ধী এই শিশুটিকে সারা রাত ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া তার দেখাশোনা করার কেউ নেই। তিনি প্রশ্ন করেছিলেন, তিনি অপরাধী হলে বাসায় থাকতেন কেন?
একজন মায়ের এই আকুতি কি কারও হৃদয় স্পর্শ করেনি? একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পরিচর্যার বিষয়টি কি রাষ্ট্রের বিবেচনায় আসার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল না?
শর্মী গ্রেপ্তার হওয়ার পর তূর্যের জীবন থেকে তার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়টি হারিয়ে যায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, মায়ের অনুপস্থিতিতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার যথাযথ পরিচর্যা ব্যাহত হয়। বারবার জামিন চেয়েও শর্মী মুক্তি পাননি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক নিষ্পত্তি হয়নি, তিনি ছিলেন কারাবন্দি। অথচ সেই বিচারাধীন অবস্থাতেই একজন মায়ের কাছ থেকে তাঁর অসুস্থ সন্তানকে দেখাশোনার সুযোগটুকুও কার্যত কেড়ে নেওয়া হলো।
এরপর আসে ২৭ নভেম্বরের সেই রাত।
শুক্রবার রাতে মারা যায় নিসর্গ হোসেন তূর্য। পরিবারের বর্ণনা অনুযায়ী, রাতে শৌচাগারে যাওয়ার পর দীর্ঘ সময়েও সে বের না হওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়। মাত্র ১৫ বছরের একটি প্রাণের এভাবেই অবসান ঘটে।
একবার ভাবুন, যে শিশুটি মাকে ছাড়া থাকতে পারত না, সেই শিশুটির জীবনের শেষ সময়েও মা তার পাশে ছিলেন না। যে মা রাত জেগে ওষুধ খাইয়ে, খাওয়াদাওয়া করিয়ে, প্রতিটি মুহূর্তে সন্তানের যত্ন নিতেন, সেই মাকে সন্তানের অসুস্থতার সময় পাশে থাকতে দেওয়া হয়নি।
তূর্যের মৃত্যুর খবর পাওয়ার পর শর্মীর পরিবারের পক্ষ থেকে তাঁকে সন্তানের শেষবারের মতো মুখ দেখানোর ব্যবস্থা করার আবেদন করা হয়। প্যারোলের আবেদন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করা হলেও কার্যত তূর্যের মা শর্মীকে প্যারোলে মুক্তি দেয়া হয়নি। শেষ পর্যন্ত কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় শনিবার দুপুরে ফ্রিজিং ভ্যানে করে তূর্যের মরদেহ নিয়ে যাওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে।
সেখানেই শেষবারের মতো সন্তানের মুখ দেখেন শর্মী। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাঁকে মাত্র পাঁচ মিনিটের জন্য সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
কী অদ্ভুত এক বাস্তবতা! জীবিত অবস্থায় যে সন্তান মায়ের জন্য অপেক্ষা করেছে, মৃত্যুর পর সেই সন্তানকেই মায়ের কাছে যেতে হলো। একজন মা সন্তানের কাছে যেতে পারেননি, সন্তানকে নিয়ে যেতে হয়েছে কারাগারের দরজায়।
রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, একজন বিচারাধীন বন্দির ক্ষেত্রেও কি ন্যূনতম মানবিক বিবেচনার কোনো জায়গা নেই? একজন বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের একমাত্র বা প্রধান পরিচর্যাকারী মায়ের গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি কি জামিনের আবেদনের সময় বিবেচনায় আসতে পারত না? অন্তত সন্তানের চিকিৎসা ও পরিচর্যার জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা যেত না?
আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু নিরাপত্তার অজুহাত কি সব মানবিক বিবেচনার ঊর্ধ্বে? একজন বন্দির সন্তান মারা গেলে তার মাকে শেষবারের মতো সন্তানের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়াও কি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়? যদি এমন কোনো আশঙ্কা থেকেও থাকে, তাহলে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সাময়িকভাবে সেই সুযোগ তৈরি করা কি অসম্ভব ছিল?
আমরা তো ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাষ্ট্রীয় নিপীড়ন, মানবাধিকার, ন্যায়বিচার এবং ব্যক্তির মর্যাদার কথা শুনেছি। সেই আন্দোলনের অন্যতম বড় দাবি ছিল, রাষ্ট্র কোনো নাগরিকের ওপর রাজনৈতিক পরিচয়ের কারণে অন্যায় আচরণ করতে পারবে না। ক্ষমতার অপব্যবহার, বিনা বিচারে হয়রানি এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে হবে।
তাহলে আজ কী হচ্ছে?
যে রাজনৈতিক পরিচয়ের কারণে একজন মানুষকে মবের মুখে পড়তে হয়, যে পরিচয়ের কারণে তাঁর বিরুদ্ধে সামাজিক বিদ্বেষ তৈরি করা হয়, সেই পরিচয় কি এখন তাঁর মৌলিক অধিকার কেড়ে নেওয়ার বৈধ অজুহাত হয়ে দাঁড়িয়েছে?
একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা থাকলেই কি একজন মানুষ রাষ্ট্রের মানবিক বিবেচনার বাইরে চলে যাবেন? আওয়ামী লীগের রাজনীতি করলেই কি তাঁর সন্তান চিকিৎসা ও পরিচর্যা থেকে বঞ্চিত হবে? তাঁর পরিবার কি ন্যায়বিচার পাওয়ার অধিকার হারাবে?
এখানেই আমার সবচেয়ে বড় উদ্বেগ। ফ্যাসিবাদ কেবল একটি রাজনৈতিক দলের নাম নয়, কেবল একটি সরকারের শাসনপদ্ধতিও নয়। ফ্যাসিবাদী মানসিকতার সবচেয়ে ভয়ংকর দিক হলো, ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষকে মানুষ হিসেবে বিবেচনা না করা। প্রতিপক্ষের মানবিক অধিকারকেও অস্বীকার করা। রাজনৈতিক পরিচয়কে অপরাধের প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করা।
যদি একটি রাষ্ট্রে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে মবের শিকার হতে হয়, বিচারাধীন অবস্থায় ন্যায়সংগত সুযোগ থেকে বঞ্চিত হতে হয় এবং তাঁর পরিবারের অসহায়ত্বও প্রশাসনের বিবেচনায় যথেষ্ট গুরুত্ব না পায়, তাহলে সেই রাষ্ট্রের মানবিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আমি বলছি না, রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ আইনের ঊর্ধ্বে থাকবেন। শারমিন সুলতানা শর্মীর বিরুদ্ধে যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, তার সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি হোক। কিন্তু বিচার হওয়ার আগে কাউকে অপরাধী ধরে নেওয়া যাবে না। তাঁর সন্তানকে তাঁর রাজনৈতিক পরিচয়ের শাস্তি পেতে দেওয়া যাবে না।
তূর্যের মৃত্যুর জন্য সরাসরি কাউকে দায়ী করার আগে চিকিৎসাগত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। তবে মায়ের অনুপস্থিতিতে তার পরিচর্যা ও মানসিক অবস্থার ওপর কী প্রভাব পড়েছিল, সেটিও তদন্তের বাইরে থাকা উচিত নয়। একই সঙ্গে শর্মীকে গ্রেপ্তারের পরিস্থিতি, তাঁর বিরুদ্ধে মামলার ভিত্তি, জামিনের আবেদনগুলো বিবেচনার প্রক্রিয়া এবং তাঁর সন্তানের বিশেষ পরিচর্যার প্রয়োজনীয়তা প্রশাসন কতটা বিবেচনা করেছে, সেসব প্রশ্নেরও জবাব প্রয়োজন।
একটি শিশুর মৃত্যু কোনো রাজনৈতিক বিতর্কের উপাদান হওয়া উচিত নয়। তূর্য আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না। সে ছিল একজন অসুস্থ শিশু, যে তার মাকে কাছে চেয়েছিল। তার এই চাওয়ার মধ্যে কোনো রাজনীতি ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো ষড়যন্ত্র ছিল না।
আজ তূর্য নেই। কিন্তু তার মায়ের বুকের ভেতর যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি কোনো রাষ্ট্রীয় বিবৃতি কিংবা প্রশাসনিক ব্যাখ্যায় পূরণ হওয়ার নয়। কারাগারের সেই ফটকে দাঁড়িয়ে সন্তানের নিথর মুখ দেখার দৃশ্যটি হয়তো শর্মীর সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে।
আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি, সেখানে একজন নাগরিকের রাজনৈতিক পরিচয় তাঁর মানবিক অধিকার নির্ধারণ করবে না। সেখানে অপরাধের বিচার হবে আদালতে, মবের হাতে নয়। সেখানে রাষ্ট্রের ক্ষমতা থাকবে আইন প্রয়োগে, প্রতিশোধ নেওয়ায় নয়।
তূর্য আর কোনো দিন মাকে ডাকবে না। কিন্তু তূর্যের এই করুণ পরিণতি আমাদের সামনে যে প্রশ্নগুলো রেখে গেল, সেগুলোর উত্তর রাষ্ট্রকে দিতেই হবে।
একটি শিশুর মায়ের কাছে থাকার অধিকার, একজন মায়ের সন্তানের পাশে থাকার অধিকার এবং প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার—কোনোটিই রাজনৈতিক পরিচয়ের কাছে পরাজিত হতে পারে না।
তূর্যের মৃত্যু আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে রাখুক। আমরা যেন এই শিশুটিকে কেবল একটি রাজনৈতিক পরিচয়ের পরিবারের সন্তান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে মনে রাখি।
কারণ, রাষ্ট্রের সবচেয়ে বড় পরিচয় তার ক্ষমতা নয়, তার মানবিকতা।


