থানার সামনে টিকটক করে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

খবরওয়ালা মফস্বল ডেস্ক:  নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের সামনে শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক শিউলি বেগমের  ধারণ করা নাচের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১  েফব্রুয়ারি) ভোরের দিকে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে হাজির করা হয়।

শিউলি বেগম (৪০)  নাটোর জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি । গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ।  তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তবে বর্তমানে তিনি বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর মহল্লায় বাস করেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলের দিকে শিউলি বেগমের একটি নাচের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি ধারণ করা হয়েছে বড়াইগ্রাম থানা ভবনের প্রধান ফটকের সামনে। সেখানে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে…’ গানের তালে তালে তাঁকে নাচতে দেখা যায়।

বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে শিউলি বেগমকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁকে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরণ ঘটানোর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাঁকে বড়াইগ্রাম আমলি আদালতে আনা হয়। তবে বেলা তিনটা পর্যন্ত তাঁকে বিচারকের সামনে হাজির করা হয়নি। তাঁর পক্ষে কোনো আইনজীবী আদালতে জামিনের আবেদনও করেননি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। আমরা লোকজনের মারফত ভিডিওটির খবর পেয়েছি। তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

খবরওয়ালা/ এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।