দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

কিশোরগঞ্জের কটিয়াদিতে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছেড়ে দিয়েছেন আল আমিন (৩০) নামের এক যুবক। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গোসলের সেই মুহূর্তে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আল আমিন আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে।

জানা যায়, আল আমিন পেশায় পিকআপচালক। এছাড়া তিনি দুটি টমটম ও দুটি পিকআপের মালিক। গত এক বছর ধরে অনলাইনে জুয়া-নাইন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলছেন এবং এ পর্যন্ত প্রায় ৮ লাখ টাকা হারিয়েছেন। শুধু তাই নয়, জুয়ার নেশায় তার একটি টমটম ও একটি পিকআপও বিক্রি করতে হয়েছে। এখন তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন।

আল আমিনের চাচা এখলাস মিয়া জানান, ‘লিমন আমার সাথে আগে মেশিনারিজের ব্যবসা করত। কর্মট থাকায় মেশিনের ইঞ্জিন চালিত টমটম ও পিকআপ ক্রয় করেছে। ভালোই চলছিল তার সংসার। কিন্তু গত এক বছরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দুটি গাড়ি বিক্রি করে দিয়েছে। এখন অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে গেছে। আমাদের কাছে এখন কথা দিয়েছে আর কোনোদিন জুয়া খেলবে না। এ কারণে দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় লিমন মিস্ত্রির গ্যারেজের সামনে ৬ কেজি দুধ দিয়ে গোসল করেছে। আমরাও দোয়া করি সে আর জুয়া খেলায় যেন না যায়।’

আল আমিন নিজেও বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে অনলাইন জুয়া খেলা শিখেছি। তাদের খেলা দেখে আমিও খেলেছি। আমি পিকআপ চালাই। জুয়া খেলায় আমার জীবন শেষ। গত এক বছরে আমার ৮ লাখ টাকা গেছে। আমার চারটি গাড়ির মধ্যে দুটি গাড়ি বিক্রি করেছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি যত দিন বেঁচে থাকব, ততদিন আর কোনোদিন জুয়া খেলব না।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।