দেড়কোটি টাকার কাপড়সহ চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার ‘উধাও’

চট্টগ্রাম বন্দর থেকে দেড় কোটি টাকার কাপড়ভর্তি দুটি কনটেইনার উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শুল্ক-কর পরিশোধ করে ডেলিভারির সময় ভুক্তভোগীরা জানতে পারেন, কনটেইনারগুলো নেই। প্রায় ছয় মাস আগে প্রথম ঘটনাটি ঘটলেও এতদিনেও কোনো সমাধান হয়নি।

চট্টগ্রাম কাস্টমসের নিলামে গত ফেব্রুয়ারিতে শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা ৮৫ লাখ টাকায় প্রায় ২৭ টন ফেব্রিক্স কেনেন। পরে এক কোটি সাত লাখ টাকায় শুল্ক ও বন্দরের চার্জ পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দর ইয়ার্ডে গেলে তাকে জানানো হয়, কনটেইনার খুঁজে পাওয়া যাচ্ছে না।

ভুক্তভোগী সেলিম রেজা বলেন, ‘এখন পর্যন্ত আমরা কাস্টমস কমিশনারকে তিনবার চিঠি দিয়েছি। ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ক্ষতি এক কোটি টাকার বেশি। সাত মাস ধরে টাকা ফেরতও পাচ্ছি না।’

সম্প্রতি নিলামে বিক্রি হওয়া ৪২ লাখ টাকার কাপড়সহ আরেকটি কনটেইনারেরও খোঁজ মিলছে না। একটির হদিস নেই ছয় মাস ধরে, অন্যটি নিখোঁজ প্রায় এক মাস হলো। বিডাররা প্রশ্ন তুলেছেন, কনটেইনার না থাকলে বন্দর কীভাবে ডেলিভারি অর্ডার দিল।

ভুক্তভোগী মো. ইয়াকুব বলেন, “বন্দরের ভেতর এত সুরক্ষার মধ্যে কনটেইনার কিভাবে চুরি হয়? আর্মি, নৌবাহিনী, বন্দরের নিজস্ব নিরাপত্তা আছে—তবুও পণ্য বাইরে চলে গেলো কিভাবে?’

চট্টগ্রাম কাস্টম হাউসের সহ-কমিশনার মো. সাকিব হোসেন বলেন, “আমরা প্রথমে বন্দরে চিঠি দিয়ে খোঁজ করব। পণ্য না পাওয়া গেলে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।’

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বন্দরে ৪৮ থেকে ৪৯ হাজার কনটেইনার আছে। হ্যান্ডলিংয়ের সময় হয়তো কনটেইনার নির্দিষ্ট স্থানে পাওয়া যায়নি, তবে অন্য কোথাও রয়েছে। খোঁজা হচ্ছে। মিসিং হওয়ার সুযোগ নেই।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।