দেশে কি পরিমাণ খাদ্যশস্য মজুত আছে জানালো মন্ত্রণালয়

বর্তমানে দেশে চাল ও গম মিলিয়ে ২১ লাখ ৩১ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

তথ্য বিবরণী অনুযায়ী, সরকারিভাবে মজুত রয়েছে ১৯ লাখ ৫৪ হাজার মেট্রিক টন চাল এবং ১ লাখ ৭৭ হাজার মেট্রিক টন গম। আগামী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে আরও ৫ লাখ মেট্রিক টন চাল ও ৪ লাখ মেট্রিক টন গম আমদানির পরিকল্পনাও রয়েছে সরকারের।

এছাড়া চলতি বছর সরকারি উদ্যোগে ৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ধান এবং ১৯ লাখ ৬৭ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। আগের বছরের তুলনায় ধান সংগ্রহ বেড়েছে ২ লাখ ৬১ হাজার টন, আর চাল সংগ্রহ বেড়েছে প্রায় ২ লাখ ২ হাজার টন।

২০২৪-২৫ অর্থবছরে সর্বমোট ৩৩ লাখ ৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আগের অর্থবছরের তুলনায় এ বছর সরকারি খাতে ৪৪ হাজার মেট্রিক টন বেশি বিতরণ করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গম আমদানির উৎস বহুমুখীকরণে কাজ চলছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, বুলগেরিয়া ও ইউক্রেন থেকে গম আমদানি করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরেও বিভিন্ন দেশ থেকে গম আমদানির পরিকল্পনা নেয়া হয়েছে।

দেশে খাদ্য সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি-বেসরকারি খাতে আমদানিও বাড়ানো হয়েছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত খাদ্যশস্যের মজুত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টনেরও বেশি।

খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা বাড়াতে গৃহীত হয়েছে নানা উদ্যোগ। ২০২৪-২৫ অর্থবছরে সরকারিভাবে সংরক্ষণের ক্ষমতা ছিল ২৩ লাখ ৪১ হাজার মেট্রিক টন। মধুপুর, বরিশাল, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে নতুন করে ৪টি আধুনিক সাইলো নির্মাণ সম্পন্ন হওয়ায় এখন সেই সক্ষমতা দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৮ হাজার মেট্রিক টনে।

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা আরও বাড়িয়ে ২৬ লাখ ৮৪ হাজার মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।