দেশ ছাড়ার গুজব উড়িয়ে লড়াইয়ের ঘোষণা ফারুকের

জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। এরপরই সভাপতির পদ হারান তিনি। এরপর থেকে তাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। তখনই চাউর হয় তার দেশ ছাড়ার গুঞ্জন। তবে শুক্রবার (৩০ মে) একটি ভিডিও বার্তায় এই খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন ফারুক।

ফারুক আহমেদ বলেন, ‘আমি দেশেই আছি। যারা এতদিন আমাকে নিয়ে নাটক তৈরি করেছে, এটা তাদের নাটকের শেষ দৃশ্য মনে হচ্ছে। গুজবে কান দিবেন না। আমি  শনিবার (৩০ মে) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, কেউ যেন বিভ্রান্ত না হয় এবং তার বিরুদ্ধে চালানো ‘প্রচারণার’ বিরুদ্ধে লড়াই তিনি চালিয়ে যাবেন।

বিসিবি সভাপতির পদচ্যুতির প্রক্রিয়াকে “জোরপূর্বক ও অন্যায়” দাবি করে ফারুক আহমেদ অভিযোগ জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও। তিনি জানান, ‘আমি আইসিসি সভাপতির (জয় শাহ) কাছে বিষয়টি অবহিত করেছি। অন্তত ৫-৭ জন পরিচালকের সঙ্গেও যোগাযোগ করেছি। আমি বিশ্বাস করি, আইসিসি খুব শিগগিরই পদক্ষেপ নেবে।’

নিজের পুনর্বহালের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘দুই বছর আগে শ্রীলঙ্কায় মন্ত্রিসভা পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি হস্তক্ষেপ করে তাদের ফের বসিয়েছিল। আমার ক্ষেত্রেও আইসিসি তত্পর ভূমিকা নেবে বলে আশা করি।’

বিসিবির ৮ পরিচালক সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে লিখিতভাবে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। অভিযোগের তালিকায় ছিল অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার। সেই চিঠির ভিত্তিতেই গতকাল (বৃহস্পতিবার) রাতে জাতীয় ক্রীড়া পরিষদ তার মনোনয়ন প্রত্যাহার করে, এবং নতুন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেয়। বিসিবি পরিচালকরাও পরে সেই মনোনয়ন অনুমোদন করেন।

ফারুক আহমেদের ভাষ্য, এই পরিস্থিতির শেষ দেখে তবেই থামবেন। তার ভাষায় তিনি লড়াই চালিয়ে যাবেন এবং তার সঙ্গে যে অন্যায় হয়েছে, তা আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন। তার এখনও বিশ্বাস বিষয়টি ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

আগামীকাল ফারুক আহমেদের প্রতীক্ষিত সংবাদ সম্মেলনেই হয়তো জানা যাবে, তিনি কোন পথে এগোচ্ছেন—আইনি লড়াই, না আন্তর্জাতিক সহায়তার পথ ধরে ফিরে আসার চেষ্টা।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।