ধানের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খড়

টাঙ্গাইলের গোপালপুরে এখন ধানের তুলনায় খড়ের দাম বেশি। স্থানীয় বাজারগুলোতে এমন চিত্রই দেখা যাচ্ছে। কৃষিজমির পরিমাণ কমে যাওয়া, বোরো মৌসুমে অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষকরা পর্যাপ্ত পরিমাণ খড় সংগ্রহ করতে পারেননি। ফলে বাজারে খড়ের সরবরাহ কমে গিয়ে দাম কয়েকগুণ বেড়ে গেছে।

বর্তমানে গোপালপুরে এক মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়, অথচ একই ধানের খড় বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা মণে।

খড় বিক্রেতা মো. রফিকুল ইসলাম জানান, তিনি কুড়িগ্রাম থেকে এক ট্রাক খড় এনে প্রতিটি আটি ১১ থেকে ১২ টাকায় বিক্রি করছেন। তার কথায়, সামান্য কিছু লাভ থাকলেও চাহিদা এত বেশি যে পাইকাররা তার কাছ থেকে খড় কিনে বিভিন্ন হাটবাজারে আরও বেশি দামে বিক্রি করছেন।

স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন, তারা ভেবেছিলেন ধান বিক্রি করে কিছু লাভ করবেন। কিন্তু এখন গবাদি পশুর খাদ্য হিসেবে খড় কিনতে হচ্ছে বেশি দামে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে হারে দাম বাড়ছে তাতে ভবিষ্যতে খড় কেনা আরও কঠিন হয়ে যাবে।

গরু খামারি আব্দুল মালেক জানান, তার খামারে সাতটি গরু রয়েছে। বোরো মৌসুমে খড় সংগ্রহ করতে না পারায় এখন তাকে বাজার থেকে বেশি দামে খড় কিনে গরু খাওয়াতে হচ্ছে। এতে গরু পালনের খরচ কয়েকগুণ বেড়ে গেছে।

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, গবাদি পশুর খাদ্যের ঘাটতি ও খামারি সংখ্যা বৃদ্ধির কারণে খড়ের চাহিদা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।